উদ্দীপকের মি. আবদুল হাফিজ মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান করছেন। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হলো মনোবিজ্ঞান। আভিধানিক অর্থে আত্মা বা মন সম্পর্কীয় বিধানকে মনোবিজ্ঞান বলা হয়। এটি এমন একটি বিজ্ঞান যা প্রাণী ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। বিভিন্ন অবস্থা বা পরিবেশে মানুষ ও অন্যান্য প্রাণী কী ধরনের আচরণ করে বা ভবিষ্যতে করতে পারে এবং কেন এ ধরনের আচরণ করে তার আলোচনাই মনোবিজ্ঞান।
উদ্দীপকে দেখা যায়, মি. আবদুল হাফিজ আবেগ, প্রত্যক্ষণ, প্রেষণা, শিক্ষণ, ব্যক্তিত্ব ইত্যাদি আলোচ্য সূচিভুক্ত একটি বিষয়ে পাঠদান করছেন। বিষয়টি মনোবিজ্ঞানকে নির্দেশ করে। মানুষের ক্ষেত্রে তাদের আবেগ, অনুভূতি, আচরণ, শিক্ষণ, অভিজ্ঞতা, প্রেষণা, হতাশা, উপযোজন প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়বস্তু। মনোবিজ্ঞানীগণ মানব আচরণের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছেন। যার ফলে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে। তাই, বলা যায়, মি. আবদুল হাফিজের পাঠদানের বিষয়টি মনোবিজ্ঞান।