উদ্দীপকে A, B, C ও D হলো যথাক্রমে অস্থি, পেশি, লিগামেন্ট ও টেন্ডন। মানব চলনে অস্থি, পেশি, লিগামেন্ট ও টেনডন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অস্থি দেহকাঠামো গঠন করে। আর পেশি এই কাঠমোর উপর আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেনডন নামক দৃঢ় স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। টেনডন পেশী ও অস্থির সাথে আবদ্ধ হয়ে দেহকাঠামো গঠনে, দৃঢ়তা দানে এবং চাপটানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা যোগানোর ফলে পেশি সংকুচিত হয়।
উদ্দীপনা অপসারণে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হয়। এই সংকোচন ও প্রসারণের সহায়তায় সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে, কোনো অঙ্গকে ভাঁজ করে, কোনো অঙ্গকে উঠানামা করায় বা ডানে-বাঁয়ে ঘোরায়। এসকল কাজের ক্ষেত্রে লিগামেন্ট বা অস্থিবন্ধনীও যথেষ্ট ভূমিকা পালন করে। কব্জা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে, অনুরূপভাবে লিগামেন্ট হাড়কে আটকে রাখে। এতে অঙ্গটি সবদিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং অস্থিসমূহ স্থানচ্যুত বা বিচ্যুত হয় না। উল্লিখিত প্রক্রিয়ায় বাইসেপস ও ট্রাইসেপস পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে কনুই বাঁকা ও সোজা করার মাধ্যমে মানব চলন সম্পন্ন হয়।
সুতরাং মানব চলনে অস্থি, পেশি, লিগামেন্ট ও টেন্ডনের ভূমিকা অপরিসীম।