উদ্দীপকে উল্লেখিত অপর আঁশজাতীয় ফসলটির অনুমোদিত জাতগুলোর একটি হলো ডেল্টাপাইন-১০। অর্থাৎ ফসলটি হলো তুলা। আন্তঃপরিচর্যা বলতে বীজ বা চারা রোপণের পর থেকে ফসল কাটার পূর্ব পর্যন্ত সকল যত্ন বা পরিচর্যাকে বোঝায়। ফসল বৃদ্ধির জন্য আন্তঃপরিচর্যা গুরুত্বপূর্ণ। নিম্নে তুলা ফসলটির আন্তঃপরিচর্যা ব্যাখ্যা করা হলো : তুলা চাষে ফসলের প্রয়োজন অনুসারে ২-৩ বার ছোট কোদাল দ্বারা দু সারির মাঝখানে হালকাভাবে কুপিয়ে আগাছা দমন করতে হবে। চারা গজানোর ১০ দিনের মধ্যে প্রতি গর্তে দুটি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। চারার বয়স ২০ দিন হলে একটি মাত্র সুস্থ চারা রেখে বাকিটি তুলে ফেলতে হবে। কোন স্থানে চারা না থাকলে ৭-১০ দিনের মধ্যে সে স্থানে চারা লাগাতে হবে। বীজ বপনের ৩-৪ সপ্তাহের মধ্যে প্রথম নিড়ানি এবং চারা ২০-২৫ সে.মি. লম্বা হলে ছোট কোদাল দিয়ে নিড়ানি দিতে হবে। জমিতে রসের অভাব হলে মোট তিন ধাপে অর্থাৎ ফুল ফোটার আগে, ফুল ফোটার সময় এবং পরিপক্বতার সময় সেচ দিতে হবে। পানিবদ্ধতা সৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তুলায় বিভিন্ন পোকা যেমন— জাবপোকা, বলওয়ার্ম, জ্যাসিড পোকা, ঘোড়া পোকা এবং বিভিন্ন রোগ যেমন ঢলে পড়া রোগ, এ্যানথ্রাকনোজ, পাতার কোনাচে দাগ রোগ, শিকড় পচা রোগ ইত্যাদির দমন ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সাধারণত গাছের ৬০-৭০% বল ফাটা শুরু হলে পাতা ঝরানোর জন্য সোডিয়াম ক্লোরেট এবং সোডিয়াম মেটাবোরেটের মিশ্রণ বা ক্যালসিয়াম সায়ামাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরেট হেক্সাহাইড্রেট স্প্রে করতে হবে।