চিত্র-P এর A ও B চিহ্নিত অংশ দুটি হলো যথাক্রমে ফ্লোয়েম ও জাইলেম। ফ্লোয়েম ও জাইলেমের পারস্পরিক অবস্থান উদ্ভিদের বিভিন্ন অংশ শনাক্তকরণে ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো—
পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এক খণ্ড ফ্লোয়েম ও এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলেও ফ্লোয়েম পরিধির দিকে এবং জাইলেম কেন্দ্রের দিকে থাকে। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত ক্যাম্বিয়াম টিস্যু থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এছাড়াও লাউ, কুমড়া, শসা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচের উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে ।
পুষ্পক উদ্ভিদের মূলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে। Pteris, Lycopodium ইত্যাদি হ্যাড্রোসেন্ট্রিক উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণরূপে ঘিরে রাখে। আবার Dracaena, Yucca ইত্যাদি লেপ্টোসেন্ট্রিক উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে ।
সুতরাং উপরের আলোচনায় দেখা যাচ্ছে, ফ্লোয়েম ও জাইলেমের অবস্থান উদ্ভিদের বিভিন্ন অংশ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।