উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো খনিজ তেল। এর আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য: খনি হতে উত্তোলিত অপরিশোধিত তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, ভেনিজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। এছাড়া আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, পেরু, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, জাপান বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে রপ্তানিতে সৌদি আরব প্রথম, রাশিয়া দ্বিতীয়, নরওয়ে তৃতীয় এবং আমদানিতে যুক্তরাষ্ট্র প্রথম, জাপান দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে।
খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব: খনিজ তেল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। বিশ্বের খনিজ তেলে সমৃদ্ধ দেশগুলো যথেষ্ট উন্নত। বিশেষ করে মধ্যপ্রাচ্যে খনিজ তেল 'তরল সোনা' হিসেবে পরিচিত। এ অঞ্চলের খনিজ তেল বর্তমান বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে খনিজ তেলের গুরুত্ব অপরিসীম। খনিজ তেলের বহুমুখী ব্যবহার আধুনিক যুগে মানুষকে এর ওপর এত বেশি নির্ভরশীল করে তুলেছে যে, এটি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। কৃষি, শিল্প, পরিবহন, গৃহস্থালির কাজ, শক্তি উৎপাদনসহ উন্নয়নের নানাবিধ ক্ষেত্রে খনিজ তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।