উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন: উর্মি একাদশ শ্রেণিতে পড়ে। সে নিয়মিত কলেজে যায়। তার একটি ল্যাপটপ আছে। সর্বনামকে প্রধানত তিনটি মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা যায়। যথা: ১. অর্থগতভাবে, ২. অন্বয়গতভাবে ও ৩. পক্ষভেদে ১. অর্থগতভাবে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. ব্যক্তিবাচক সর্বনাম: যে সর্বনাম বাক্যের পক্ষ বা পুরুষ নির্দেশ করে, তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন: আমি, আমার, তুমি, তোমার, সে, তোমরা, তারা, তিনি ইত্যাদি। খ. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করেছে- এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন: স্বয়ং, নিজে, খোদ, স্ব স্ব, আপনি ইত্যাদি। গ. পারস্পরিক সর্বনাম: দুপক্ষের সহযোগ বা পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন: পরস্পর পরিচিত। ওরা নিজেরা নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলবে। ঘ. সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে সকলবাচক সর্বনাম বলে। যেমন: সবাই কফি খেতে চাচ্ছে। সকলেই সাহায্য পেয়েছে। ঙ. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অন্যবাচক সর্বনাম বলে। যেমন: অপরে পারলে তুমি কেন পারবে না? অন্যের কথা বলো না। চ. নির্দেশক সর্বনাম: যে সর্বনাম বক্তার নিকট থেকে কাছের বা দূরের কিছু নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন: এ, ও, ইনি, উনি ইত্যাদি। ছ. অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন: এখানে কেউ নেই। আমার কিছু বলার নেই। ২. অন্বয়গতভাবে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. প্রশ্নবাচক সর্বনাম: প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্নের জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন: কে যাবে? কারা খাবে? খ. সংযোগবাচক সর্বনাম: যে সর্বনাম দ্বারা দুটি বাক্যে সংযোগ ঘটানো হয় তাকে সংযোগবাচক সর্বনাম বলে। যেমন: হাটে গিয়ে দেখি যে, সে চলে গেছে। আমি বলি কী, তুই আজ থেকেই যা। গ. সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যাংশের সংযোগ ঘটায় তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: যত চাও তত লও। যার কাজ তারই সাজে। যেমন কর্ম তেমন ফল। ৩. পক্ষভেদে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. বক্তাপক্ষ: যে সর্বনাম দ্বারা বাক্যের বক্তা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, মোর, মোরা ইত্যাদি। খ. শ্রোতাপক্ষ: যে সর্বনাম দ্বারা বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: তুই, তুমি, তোরা, তোকে, তোমার, তোমরা, তোমাকে, ইত্যাদি। গ. অন্যপক্ষ: যে সর্বনাম দ্বারা বক্তার সামনে অনুপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁকে, তাঁরা, তাঁদের ইত্যাদি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর