বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: বাক্য: অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদসমষ্টিকে বাক্য বলে। অর্থানুসারে বাক্যের প্রকারভেদ: অর্থানুসারে বাক্যকে সাত ভাগে ভাগ করা যায়। যথা: ক. নির্দেশমূলক বা নির্দেশাত্মক; খ. জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক; গ. অনুজ্ঞাসূচক বা আদেশবাচক; ঘ. ইচ্ছাপ্রকাশক বা প্রার্থনাসূচক; ঙ. কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক; চ. সংশয়বাচক বা সন্দেহসূচক; ছ. আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক। ক. নির্দেশমূলক বা নির্দেশাত্মক: এ শ্রেণির বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়। নির্দেশাত্মক বাক্য আবার দ্বিবিধ। যেমন: অস্তিবাচক (হ্যাঁ-বোধক): কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করতে অস্তিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন: 'সুবর্ণ একজন মেধাবী ছাত্র।' 'তসলিমা পরীক্ষায় প্রথম হয়েছে।' নেতিবাচক (না-বোধক): কোনো কিছু অস্বীকার করতে নেতিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন: 'মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।' 'ওখানে বসার জায়গা নেই।' খ. জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবাচক: এ শ্রেণির বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়। যেমন: 'ট্রেন কি ছেড়েছে?' 'তুমি কী করছ?' গ. অনুজ্ঞাসূচক বা আদেশবাচক: এ শ্রেণির বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। যেমন: 'আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন।' 'কখনো মিথ্যা বলো না।' ঘ. ইচ্ছাপ্রকাশক বা প্রার্থনাসূচক: এ শ্রেণির বাক্যে বক্তার কোনো কিছুর জন্য প্রার্থনা করা বোঝায়। শুভ-অশুভ ইচ্ছা বোঝাতেও এ শ্রেণির বাক্য গঠিত হয়। যেমন: 'সবার মঙ্গল হোক।' 'যদি প্রথম হতে পারতাম!' ঙ. কার্যকারণাত্মক বা অপেক্ষাবাচক: এ শ্রেণির বাক্যে একটি ঘটনার ওপর আর একটি ঘটনার নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়। যেমন: 'বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে।' 'আপনি না এলে ভালো লাগবে না।' সংশয়বাচক বা সন্দেহবাচক: এ শ্রেণির বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায়। যেমন: 'আমার মনে হয় না, সে আসবে।' 'আছে কোথাও এইখানে।' 'আজ বোধ হয় বৃষ্টি হবে।' ছ. আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক: এ শ্রেণির বাক্যে আনন্দ, শোক, উৎসাহ, ঘৃণা, বিস্ময়, কাতরতা, ভয় প্রভৃতি প্রকাশ পায়। যেমন: 'বাঃ, কী সুন্দর পাহাড়!' 'হায় হায়, কী সর্বনাশ ঘটল!' 'ছিঃ, তুমি এ কাজ করতে পারলে!'
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
উত্তর