একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহিদ মিনারের যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তর: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?' চারদিক থেকে এই গানের শব্দে ঘুম ভাঙল। ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলে দেখি বাসার প্রত্যেকেই খুব তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে বাইরে বেরুনোর জন্য। রাত প্রায় সাড়ে ১১টা, ক্যালেন্ডারে চোখ পড়তেই বুঝতে পারলাম ঘটনাটি। বড়ো আপু ও ভাইয়া মা-বাবার সঙ্গে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাবে বলে তৈরি হচ্ছে। এক মাস পর এইচএসসি পরীক্ষা বলে আমাকে নিতে কেউ রাজি নয়। কিন্তু আমিও দ্রুত তৈরি হয়ে নিলাম। কোনোভাবেই এই সুযোগটি হাতছাড়া করতে চাই না। শেষ পর্যন্ত রাত ১২টা বাজার কিছু আগেই আমরা পৌঁছে যাই কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। অভিভূত হয়ে দেখলাম, হাজার হাজার বাঙালি নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ হাতে ফুল নিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারো কোনো ক্লান্তি নেই, ভিড়ে পড়ে থাকার জন্য বিরক্তি ভাব নেই বরং সবাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে কখন শহিদ মিনারের কাছে গিয়ে পৌঁছাবে। রাত ঠিক ১২টায় রাষ্ট্রপতি এলেন সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি দিতে। তারপর প্রধানমুন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলির পর সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। শহিদ মিনার প্রাঙ্গণে তখন অমর একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' উপস্থিত সকলের প্রাণের সঙ্গে যেন মেলবন্ধন ঘটাচ্ছে। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে অমর একুশের কবিতা আবৃত্তি। লাইনে দাঁড়িয়ে খালি পায়ে যখন শহিদ মিনারের সামনে উপস্থিত হলাম তখন শহিদ মিনারকে মনে হলো হাজার হাজার মানুষের প্রাণের কেন্দ্রস্থল। চোখের সামনে যেন ভেসে উঠল বায়ান্নর ভাষা আন্দোলনের প্রাণবন্ত ছবি। অসীম শ্রদ্ধাভরে স্মরণ করলাম সালাম, বরকত, রফিক প্রমুখ শহিদের আত্মদানের চিত্রকল্প। প্রচণ্ড আবেগে বেদনার্ত মনে 'হাতের ফুলগুলো ভাষা শহিদদের উদ্দেশে বেদিতে অর্পণ করে এলাম। ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসের বিরল। তাই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি অমর হয়ে আছে ইতিহাসের পাতায়। বাঙালির ইতিহাসের গৌরবময় দিনটি বর্তমানে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হয়।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহিদ মিনারের যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তর