SSCবাংলা ১ম পত্রসৃজনশীল
উদ্দীপক
শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনোকিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।
Mymensingh · 2020
ক
সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
উত্তর
সনেটের অষ্টকে রয়েছে মূলত ভাবের প্রবর্তনা।
খ
'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর
প্রশ্নোক্ত অংশে স্বদেশের স্মৃতিবিজড়িত নদের সঙ্গে আর দেখা হবে কি না সেই বিষয়ে কবিমনের সংশয় প্রকাশ পেয়েছে।
• কবি সুদূর প্রবাসে অবস্থানকালে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত নদের কথা স্মরণ করেছেন। নদের প্রতি কবির ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়। জন্মভূমির কপোতাক্ষ নদ তাঁকে স্নেহডোরে বেঁধেছে। কিন্তু তিনি তার কাছে ফিরে আসতে পারছেন না। কবির সঙ্গে প্রিয় নদের আর কখনো দেখা হবে কি না তা তিনি জানেন না। এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। কবিমনের এই অভিব্যক্তিই এখানে ব্যক্ত হয়েছে।
গ
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর
সাদৃশ্যগত দিক থেকে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সঙ্গে প্রায় সবটুকুই সংগতিপূর্ণ।
• জন্মভূমি স্বদেশের কাছে মানুষ চিরঋণী। কেউ প্রবাসে গেলেও তার অন্তরজুড়ে স্বদেশের প্রতি গভীর ভালোবাসা বিরাজ করে।
• উদ্দীপকে শুভ বাবু নামক এক প্রবাসীর স্বদেশানুরাগ তুলে ধরা হয়েছে। তিনি সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় গিয়ে পড়াশুনা করে সে দেশেই চাকরি শুরু করেন। সে দেশে তিনি অনেক অর্থ-বিত্তের মালিক হয়েও সুখী নন। কারণ, জন্মভূমি বাংলার শ্যামল প্রকৃতিকে তিনি ভুলতে পারেন না। তার জন্মভূমির আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য মনে পড়ে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তিনি শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। এভাবে স্বদেশানুরাগের উপলব্ধিতে উদ্দীপকের শুভ বাবু এবং 'কপোতাক্ষ নদ' কবিতার কবি পরস্পর সাদৃশ্যপূর্ণ।
ঘ
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে।– মন্তব্যটি যথার্থ।
• জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষকে মহত্ত্ব ও গৌরব দান করে। স্বদেশ ও দেশের প্রকৃতির কথা মানুষ সহজে ভুলতে পারে না। ফলে স্বদেশের সঙ্গে সাময়িক বিচ্ছেদ ঘটলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না।
• উদ্দীপকে জন্মভূমির প্রতি শুভ বাবুর গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। প্রবাসের বিলাসী জীবন তাকে সুখী করতে পারেনি। তার হৃদয়জুড়ে বিরাজ করে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত গ্রামখানি। জন্মভূমির প্রতি এই অনুরাগ ও ভালোবাসা শুভ বাবুকে 'কপোতাক্ষ নদ' কবিতার কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ তথা প্রিয় জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
• 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। জন্মভূমির শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর মনে কাতরতা জাগিয়েছে। তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। উদ্দীপকের শুভ বাবুও বাংলার সবুজ-শ্যামল প্রান্তরের কথা, আঁকাবাঁকা পথের কথা, নদীতীরের সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যের কথা ভুলতে পারেন না। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
সম্পূর্ণ প্রশ্ন দেখো