HSCFinance 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
ছাত্রজীবনে রাজশাহী মাদার বখশ হলে থাকতাম। বাড়ি থেকে টাকা পাঠালে কয়েকদিন সময় লাগত। বর্তমানে আমার বন্ধু হাবীব স্থানীয় ব্যাংকের একটি শাখা ব্যবহার করে তার ছেলেকে উন্নত প্রযুক্তিতে টাকা পাঠায় যা পেতে তার ছেলের পাঁচ মিনিট সময় লাগে। কোনো চেক কাটারও দরকার হয় না। বর্তমান প্রযুক্তির অভাবে এদেশের অনেক পুরানো ব্যাংক পিছিয়ে রয়েছে।
Barisal · 2017
ক
একক ব্যাংক কী?
উত্তর
কাঠামোগত দিক থেকে যে ব্যাংকের কার্যাবলি শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে এবং যার কোনো শাখা থাকে না তাকে একক ব্যাংক বলে। বাংলাদেশে এ ধরনের কোনো ব্যাংক নেই।
খ
একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা? ব্যাখ্যা করো।
উত্তর
সংগঠন কাঠামোর ভিত্তিতে একক ব্যাংক, শাখা ব্যাংক থেকে আলাদা।
একক ব্যাংক একটি ক্ষুদ্র আয়তন ও একক শাখা বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান হলেও শাখা ব্যাংক আয়তনে বৃহৎ এবং বহুশাখা বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান। শাখা ব্যাংক গঠনে অধিক মূলধনের প্রয়োজন হলেও একক ব্যাংক গঠনে স্বল্প পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। এছাড়াও ঝুঁকি, মুনাফা, পরিচালন ব্যয় ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ের ভিত্তিতেও ব্যাংক দুটি একটি অন্যটি থেকে আলাদা।
গ
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর
উদ্দীপকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর কথা বলা হয়েছে। এ ধরনের ব্যাংকিং হলো ব্যাংকিং সেবা ও সুবিধা প্রদানের আধুনিক কৌশল। ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতিতে কম্পিউটার প্রযুক্তি ও অন্তর্জাল (Internet) ব্যবহার করে গ্রাহককে কম সময়ে উন্নত সেবা প্রদান করা হয়। ইলেকট্রনিক ব্যাংকিং-এর কয়েকটি সেবা হলো এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ইত্যাদি। উদ্দীপকে উল্লেখ্য চরিত্রের ছাত্রজীবনে দেখা ব্যাংকিং পদ্ধতির কথা বলা হয়েছে। তখন তার বাড়ি থেকে টাকা পাঠালে কয়েকদিন পর সে টাকা হাতে পৌঁছাতো। বর্তমানে তার বন্ধু হাবিব স্থানীয় ব্যাংকের মাধ্যমে ছেলেকে টাকা পাঠান। ব্যাংকে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে তার বন্ধুর ছেলে পাঁচ মিনিটের মধ্যেই এ টাকা উত্তোলন করতে পারে। অর্থাৎ আধুনিক ব্যাংকিং-এর এটিএম, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সুবিধার মাধ্যমে বর্তমানে স্বল্প সময়ে গ্রাহকরা নিজেদের অর্থ উত্তোলন করতে পারছেন। সুতরাং, উদ্দীপকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর কথাই বলা হয়েছে।
ঘ
'পূর্বের তুলনায় বর্তমান ব্যাংক ব্যবস্থা ভালো'- উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো।
উত্তর
উদ্দীপকে পূর্বের সনাতন ব্যাংকিং পদ্ধতি এবং বর্তমানে আধুনিক ব্যাংকিং পদ্ধতিতে গৃহীত গ্রাহক সেবার কথা বলা হয়েছে।
আধুনিক ব্যাংকিং পদ্ধতি বলতে কম্পিউটার প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে বোঝানো হয়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক বা ই-ব্যাংকিং পদ্ধতিও বলা হয়ে থাকে।
উদ্দীপকের চরিত্রটি তার ছাত্রজীবনে সনাতন ব্যাংকিং পদ্ধতিতে অর্থ উত্তোলন করতেন। এতে তার কয়েকদিন সময় লাগতো। বর্তমানে তার বন্ধু হাবিব মুহূর্তেই তার ছেলেকে টাকা পাঠাতে পারেন। তার ছেলেও ঐ টাকা দ্রুতই উত্তোলন করতে পারে।
পূর্বে ব্যবহৃত সনাতন ব্যাংকিং পদ্ধতিতে অর্থ পাঠাতে অনেক সময় লাগতো। বর্তমানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর ব্যাংক ব্যবস্থার কারণেই হাবিব তার ছেলেকে ৫ মিনিটের মধ্যে অর্থ পাঠাতে পারেন। আবার, এ ব্যবস্থায় তার ছেলেও যেকোনো সময়ে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারে। এসকল সুবিধা বিবেচনায় বলা যায়, পূর্বের তুলনায় বর্তমান ব্যাংক ব্যবস্থা ভালো, এ বক্তব্যটি যথার্থ হয়েছে।
সম্পূর্ণ প্রশ্ন দেখো