উদ্দীপকের 'খ' ভূমিরূপটি হলো মালভূমি।
মালভূমি প্রধানত ভূ-আন্দোলন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয়সাধন এবং ভূপৃষ্ঠে লাভা প্রবাহ দ্বারা গঠিত হতে পারে। ভূত্বক কয়েকটি পাতে বিভক্ত। পাতগুলো ভূত্বকের নিম্নস্থিত তরল শিলার উপর ভাসমান। ভূগর্ভ হতে উঠে আসা তাপপ্রবাহে এ পাতগুলো মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। সঞ্চারণশীল সামুদ্রিক পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো উত্থিত হয়ে মালভূমি গঠন করে। এছাড়া প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো ক্ষয়সাধন হয়ে মালভূমি গঠন করে। আবার ভূঅভ্যন্তরের লাভা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথে উপরে এসে ছিদ্রপথের চারদিকে জমা হয়ে মালভূমিতে পরিণত হয়।
মালভূমি সাধারণত স্বাভাবিক উদ্ভিদে সমৃদ্ধ হয়। এরকম ভূমিতে প্রচুর শাল ও সেগুন গাছ জন্মে থাকে যা আসবাবপত্র ও ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। কোনো কোনো মালভূমির কঠিন শিলার ওপর উর্বর মৃত্তিকার আবরণ থাকলে সেই অঞ্চল কৃষিকার্যে উন্নতি লাভ করে।
মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ভঙ্গুর এবং ভূভাগ কঠিন শিলা দ্বারা গঠিত বলে চাষ-আবাদ, রাস্তাঘাট ও শিল্প স্থাপনে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। মালভূমিও জলবায়ুকে পর্বতের মতো প্রভাবিত করে। যেসব মালভূমি সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত সেসব মালভূমির জলবায়ু উষ্ণ হয় না। আবার পর্বতবেষ্টিত মালভূমি জলীয়বাষ্পের অভাবে বৃষ্টিহীন থাকে।
উঁচু-নিচু ভূ-প্রকৃতির জন্য মালভূমি অঞ্চলে সড়কপথ ও রেলপথ নির্মাণ করা খুবই কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ। তাই এখানকার পরিবহন ব্যবস্থাও অনুন্নত। অধিকাংশ মালভূমি আবার খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। বিভিন্ন প্রকার খনিজ পদার্থ উত্তোলনের কাজে নিযুক্ত থেকে বহু মানুষের কর্মসংস্থান হয়। মালভূমি অঞ্চলের স্বল্প বৃষ্টপাতযুক্ত স্থানগুলোতে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়। এই তৃণভূমিগুলোতে পশুপালন করে বেশ কিছু মানুষ জীবিকা নির্বাহ করে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, মালভূমি মানবজীবনে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ প্রভাববিস্তার করে থাকে।