যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।
উত্তর: ভাব-সম্প্রসারণ: মানুষের চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব চিরন্তন। অপরিসীম চাওয়ার মাঝে মানুষ যা পায় তাতে সে তৃপ্ত হয় না, বরং সাধ জাগে আরও নতুন কিছুর বাসনা। তাই মানুষ সৃষ্টির প্রথম থেকেই অতৃপ্ত।পৃথিবীতে প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা ও চাহিদা সীমাহীন। তার মন নিত্যনতুন প্রাপ্তির দিকে ধেয়ে চলে। ফলে যা পাওয়া যায় তার মোহ কেটে গেলেই নতুন আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। অবশ্য এটিই প্রত্যেক মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কারণ যা চাওয়া হয়েছে তা পাওয়ার পর মনে হয় এটি ভুল করে চাওয়া হয়েছে। মনে করে এর চেয়েও ভালো জিনিস সে পেতে পারত। এ অতৃপ্ত মন নিয়েই পৃথিবীতে প্রতিটি মানুষ দুঃখ ও হাহাকার করে চলেছে। মানবজীবনে চলার পথে অসংখ্য চাওয়া-পাওয়া এসে ভিড় করে। এর মধ্যে যেগুলো চাওয়ার সাথে মেলে না, সেগুলো মনে অতৃপ্তি সৃষ্টি করে। মানুষ অল্পে তুষ্ট নয় বলে পাওয়ার আধিক্য হৃদয়কে ক্ষতবিক্ষত করে। সেই কারণে মানুষের চাওয়ার মধ্যে অবশ্যই যৌক্তিকতা থাকা আবশ্যক। আরও চাই, আরও চাই- এ মনোভাব পরিহার করা উচিত। চাওয়া অবশ্যই পাওয়ার সামর্থ্য ও ক্ষমতার মধ্যে আবদ্ধ হতে হবে। চাওয়া ও পাওয়ার ব্যবধান না কমাতে পারলে জীবনকে উপভোগ করা যাবে না। সত্যিকার অর্থে জীবনে প্রকৃত সুখ লাভ করতে হলে মনে অতৃপ্তি বা অধিক প্রাপ্তির লোভ ত্যাগ করে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকতে হবে। তবেই জীবনে আসবে অনাবিল সুখ, শান্তি। না পাওয়ার বেদনা তখন মনে ঠাঁই পাবে না। চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব অবসান করতে পারলেই মানুষ খুঁজে পায় জীবনের প্রকৃত সুখ। না পাওয়ার অতৃপ্তি তখন নীরবে দূরে সরে যাবে। কারণ পরিমিত চাওয়া ও তা পাওয়ার মধ্যেই মানুষ পরিতৃপ্তি পেতে পারে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ · সৃজনশীল
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।
উত্তর