উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধিতে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে।
উদাহরণস্বরূপ আলামিন বিস্কুট লি. বার্ষিক ১ লক্ষ প্যাকেট বিস্কুট উৎপাদন করে। কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল ও বিমা প্রিমিয়াম বাবদ মোট স্থির ব্যয় হয় ৬ লক্ষ টাকা। বিস্কুট উৎপাদন করলেও যেমন এই ব্যয় করতে হচ্ছে, একমাস কোনো কারণে উৎপাদন বন্ধ রাখলেও এই ব্যয় হবে। এক্ষেত্রে আলামিন লি. এর প্রতি প্যাকেট বিস্কুটের স্থির ব্যয় হচ্ছে (৬,০০,০০০ ÷ ১,০০,০০০) = ৬ টাকা। তবে এ ব্যয় এককপ্রতি পরিবর্তনশীল। অর্থাৎ আলামিন বিস্কুট লি. বার্ষিক ১.৫ লক্ষ প্যাকেট বিস্কুট উৎপাদন করলেই এর স্থির ব্যয় এককপ্রতি কমে যাবে। সেক্ষেত্রে প্রতি প্যাকেট বিস্কুটের স্থির ব্যয় হবে (৬,০০,০০০ ÷ ১,৫০,০০০) = ৪ টাকা। তাই বলা যায়, স্থির ব্যয় এককপ্রতি পরিবর্তনশীল।