কত বড়ো আমি, কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।
উত্তর: ভাব-সম্প্রসারণ: যাদের পরিচয়ের ভিত্তি মিথ্যা, তারাই বড়াই করে। আর যারা প্রকৃত অর্থে বড় তারা হয় নিরহংকার; তারা আত্মপ্রচারে বিভোর থাকে না। মিথ্যা অহংকারে মানুষের আসল পরিচয় পাওয়া যায় না বরং অহংকারহীন জীবনই সত্যিকার আদর্শ ও সুন্দর জীবন বলে বিবেচিত হয়ে থাকে। মিথ্যা অহংকারকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় না, তার আসল পরিচয় সহজেই ধরা পড়ে। হীরা খুব মূল্যবান জিনিস। কিন্তু নকল হীরার সে মূল্য নেই। তাই নকল হীরা যদি আসলের মতো দাবি করে তবে তা অসার প্রমাণিত হতে বাধ্য। তা ছাড়া যার মাঝে মিথ্যা অহংকার থাকে সেই প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে প্রচার করতে চায়। খাঁটি হীরা নকল হীরার গর্ব এ বলে খণ্ডন করে যে, তাঁর মধ্যে যদি মিথ্যা না থাকত তবে এত বাগাড়ম্বরের প্রয়োজন পড়ত না। অহংকারী নিজের মিথ্যাচারকে বড় গলায় প্রচার করে খ্যাতি লাভ করতে চায়। কিন্তু প্রকৃত অবস্থাকে চাপা দেওয়া খুব সহজ কাজ নয়। তার আসল পরিচয় কোনো না কোনো উপায়ে বের হয়ে যায়। তাই মানুষকে চিনতে হয় তার আচরণের মাধ্যমে। অহংকারী মানুষ নিজের আচরণকে গোপন করতে পারে না, আর তাতেই তার চরিত্রের স্বরূপ প্রকাশ পায়। যার গুণ আছে তার সে গুণ এমনিতেই সকলের কাছে প্রকাশ পায়। এজন্য আত্মপ্রচার বা মিথ্যাচারের প্রয়োজন নেই। কেবল গুণহীন ব্যক্তিই মিথ্যার অহংকার ও বড়াই করে বেড়ায়।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ · সৃজনশীল
কত বড়ো আমি, কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।
উত্তর