দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
উত্তর: ভাব-সম্প্রসারণ: চরিত্রহীন ব্যক্তিই দুর্জন। এ শ্রেণির মানুষ মহাবিদ্বান হলেও অবশ্যই পরিত্যাজ্য। তাদের বিদ্যা লোকসমাজে কোনো উপকারে আসে না; বরং এ বিদ্বান দুর্জনের সাহচর্যে নিষ্কলুষ চরিত্রও হতে পারে কলুষিত। বিদ্যা মানবজীবনের অমূল্য সম্পদ। বিদ্যার হিরণ্ময় দীপ্তিচ্ছটায় মানুষ হয়ে ওঠে মহীয়ান। বিদ্বান ব্যক্তি সর্বত্র মর্যাদাবান ও সম্মানের পাত্র। কিন্তু এ বিদ্বান ব্যক্তিও যদি চরিত্রবান না হন, তাহলে তাঁকে পরিত্যাগ করা উচিত। কেননা চরিত্র বিদ্যা অপেক্ষা অধিক মূল্যবান। বিদ্বান ও চরিত্রবান ব্যক্তি দেশ ও জাতির সম্পদ। সচ্চরিত্র ব্যক্তি মূর্খ হলেও অসচ্চরিত্র বিদ্বান অপেক্ষা শ্রেষ্ঠ। কাজেই চরিত্রহীন দুর্জন সুপণ্ডিত হলেও তাঁর সাহচর্য পরিহার করাই শ্রেয়। বিদ্যা অমূল্য সম্পদ হলেও তা অর্জনের জন্যে চরিত্রহীন ব্যক্তির সংস্পর্শে যাওয়া কোনোক্রমেই উচিত নয়। কারণ দুর্জনের সাহচর্যে নিষ্কলুষ চরিত্রও কলুষিত হতে পারে। দুর্জন ব্যক্তি বিদ্যা-বুদ্ধিতে মহাপণ্ডিত বলে খ্যাতিমান হলেও সবার উচিত তার সঙ্গ পরিহার করা। কারণ চরিত্রহীনের বিদ্যা-বুদ্ধি মানবসমাজের কোনো কাজে লাগে না; বরং তাদের কলুষিত স্পর্শে জীবনের অমূল্য সম্পদ চরিত্র চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং জীবনের সর্বক্ষেত্রেই অসচ্চরিত্র ব্যক্তির সাহচর্য পরিত্যাগ করা বাঞ্ছনীয়। চরিত্র মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। চরিত্র নষ্ট হলে মানুষ তার মনুষ্যত্বের মর্যাদা হারিয়ে ফেলে। তাই চরিত্রহীন-দুর্জন বিদ্বান ব্যক্তির সাহচর্য অবশ্যই পরিত্যাজ্য।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ · সৃজনশীল
দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
উত্তর