উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং এর রেচন প্রক্রিয়া একটু ভিন্ন প্রকৃতির। ঘাসফড়িং নাইট্রোজেন ঘটিত বর্জ্য মালপিজিয়ান নালিকার মাধ্যমে শরীর থেকে নিষ্কাশন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
ঘাসফড়িং এর রেচন পদ্ধতি ম্যালপিজিয়ান নালিকা দ্বারা সম্পাদিত হয়। এই নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য এবং প্রান্তীয় অংশ শোষণের জন্য অভিযোজিত। এ নালিকার বদ্ধ প্রান্তীয় অংশ দ্বারা হিমোসিলের হিমোলিম্ফ থেকে পটাসিয়াম ইউরেট, পানি ও CO₂ শোষিত হয়। নালিকার অভ্যন্তরে এগুলো পরিবর্তিত হয়ে পটাসিয়াম বাই কার্বনেট ও ইউরিক এসিডে পরিণত হয়। নালিকার গোড়ার অংশ দ্বারা পটাসিয়াম বাই কার্বনেট ও কিছু পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরূপে ইউরিক এসিড পানির সাথে পৌষ্টিকনালির গহ্বরে প্রবেশ করে। পশ্চাৎ অন্ত্রের মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং প্রায় শক্ত ইউরিক এসিড মলের সাথে দেহ হতে নিষ্কাশিত হয়।
আর এভাবেই ঘাসফড়িং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করে থাকে।