উদ্দীপকে উল্লিখিত ১ম প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং ২য় প্রক্রিয়াটি হলো শ্বসন। নিম্নে প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করা হলো-
উভয় প্রক্রিয়াই উদ্ভিদের গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া হলেও শ্বসনে খাদ্য ভেঙে শক্তি নির্গত হয় বলে এটি অপচিতিমূলক প্রক্রিয়া আর সালোকসংশ্লেষণে খাদ্য তৈরির মাধ্যমে শক্তি সঞ্চিত হয় বলে এটি উপচিতিমূলক প্রক্রিয়া। জীবদেহে (উদ্ভিদ ও প্রাণী) দিন-রাত ২৪ ঘণ্টা শ্বসন প্রক্রিয়া চলে। অন্যদিকে, কেবল দিনের বেলায় ক্লোরোফিলবিশিষ্ট সবুজ কোষে অর্থাৎ উদ্ভিদে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলে। শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রধান উপাদান গ্লুকোজ ও অক্সিজেন এবং উৎপাদিত বস্তু কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি। অপরদিকে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী প্রধান উপাদান পানি ও কার্বন ডাইঅক্সাইড এবং উৎপাদিত বস্তু গ্লুকোজ, অক্সিজেন ও পানি। শ্বসন প্রক্রিয়ায় রাসায়নিক স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি স্থিতিশক্তিতে পরিণত হয়। শ্বসনের বিক্রিয়াগুলো সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। আর সালোকসংশ্লেষণ বিক্রিয়া কোষের ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংঘটিত হয়।