উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক প্রক্রিয়া দুটির প্রথম প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ ও দ্বিতীয়টি হলো শ্বসন। প্রক্রিয়া দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কেননা সালোকসংশ্লেষণে সৃষ্ট শর্করাই পরবর্তীতে শ্বসনের মাধ্যমে শক্তিতে রূপান্তরিত হয়। জীবজগতে দুটো প্রক্রিয়াই অস্তিত্ত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- সালোকসংশ্লেষণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমরা দেহ গঠন ও শক্তির জন্য খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। প্রাণিজ খাবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদির জন্য পরোক্ষভাবে আমরা উদ্ভিদের ওপরই নির্ভর করি। কারণ ঐসব প্রাণী উদ্ভিদ খেয়েই তাদের দেহ গঠন করে। আবার উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে O2 ত্যাগ করে। আমরা প্রশ্বাসের মাধ্যমে এই অক্সিজেন গ্রহণ করে থাকি। এছাড়া আমাদের ব্যবহার্য বস্তু শিল্প সামগ্রী, ঔষধ, বিভিন্ন ধরনের জ্বালানী প্রভৃতি আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। এসব উপাদান সালোকসংশ্লেষণ প্রক্রিয়ারই ফল। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে ধ্বংস হবে জীবজগত তথা মানব সভ্যতা।