উদ্দীপকে নির্দেশিত A অণুজীবটি হলো ভাইরাস। ভাইরাস অণুজীবটি রোগ সৃষ্টি ও রোগ প্রতিরোধ উভয়ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভাইরাস একটি অকোষীয়, অতিআণুবীক্ষণিক অণুজীব। এটি উদ্ভিদ, প্রাণী ও মানুষের অনেক রোগ সৃষ্টি করে থাকে। যেমন— ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি রোগ সৃষ্টি করে। গরুর বসন্ত, গরু, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর 'ফুট এন্ড মাউথ' রোগ, কুকুর ও বিড়ালের জলাতঙ্ক ইত্যাদি রোগ ভাইরাস দ্বারা হয়।এছাড়া ভাইরাস দ্বারা উদ্ভিদেরও রোগ হয়ে থাকে,যেমন-টমেটোর মোজাইক রোগ, লিফরোল, বুসিস্ট্যান্ট, ধানের টুংরো ইত্যাদি প্রায় ৩০০ রোগ ভাইরাস দ্বারা ঘটে থাকে। এছাড়াও বহুল আলোচিত 'এইডস' রোগের কারণ হলো ভাইরাস। তাই বলা যায়, ভাইরাস দ্বারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়।
কিন্তু ভাইরাস শুধু রোগ সৃষ্টিই করেনা বিভিন্ন রোগ প্রতিরোধেও ভূমিকা পালন করে।যেমন-বসন্ত, পোলিও, প্লেগ এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। ভাইরাস হতে 'জন্ডিস' রোগের টিকা তৈরি করা হয়। কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফায ব্যবহৃত হয়।ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। ফায ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে।
সুতরাং বলা যায় , ভাইরাস শুধু রোগ সৃষ্টিই করে না, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।