উদ্দীপকে উল্লেখিত গোত্রটি হলো Poaceae। Poaceae গোত্রের উদ্ভিদসমূহ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের তা বর্ণনা করা হলো-
প্রথমেই বলা যায়, পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান আসে Poaceae গোত্রের উদ্ভিদ থেকে। প্রকৃত ও প্রচলিত সব খাদ্যশস্যই এ গোত্রের উদ্ভিদ থেকে পাওয়া যায়। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত দুর্বাসহ কতিপয় তাজা ঘাস ও শুকনো ঘাস এ গোত্রেরই অন্তর্ভুক্ত। এ গোত্রের দানা জাতীয় শস্য ধান, গম, ভুট্টা ও যব থেকে প্রাপ্ত খাদ্যশস্যকে কেউ ভাত, কেউ রুটি আবার কেউ ছাতু অথবা সুজি হিসেবে গ্রহণ করছে। এছাড়া ভুট্টা থেকে কর্ণওয়েল পাওয়া যায় যা অত্যন্ত মূল্যবান। এ গোত্রের উদ্ভিদ লেমন ঘাসকে সুগন্ধি হিসেবে প্রসাধনী শিল্পে ও খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার করা যায়। আবার ঝাড়ুঘাস ও দুর্বাঘাস ঝাড়ু তৈরিতে, রক্তপাত বন্ধে, ক্ষত নিরাময়ে ও পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। Poaceae গোত্রের অন্তর্ভুক্ত আখ থেকে চিনিকলে চিনি ও আখ মাড়াই কলে গুড় তৈরি করা হয়। এছাড়াও চিনিকলের বর্জ্য পদার্থ চিটাগুড় থেকে ইথাইল অ্যালকোহল ও মেথিলেটেড স্পিরিট এবং দেশি মদ তৈরি করা হয়। আবার Poaceae গোত্রের উদ্ভিদ যেমন— বাঁশ, নলখাগড়া, উলুখড়, আখের ছোবড়া ইত্যাদি কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। এখানেই শেষ নয়, কতিপয় প্রজাতির ঘাস রাস্তা ও বাঁধের মাটি ক্ষয় রোধ কল্পে দু'পাশে লাগানো হয়।