উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত অঙ্গ দুটি হলো শিখা কোষ এবং নেফ্রিডিয়া। এদের মধ্যে শিখা কোষ প্লাটিহেলমিনথিস এবং নেফ্রিডিয়া অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। নিচে প্লাটিহেলমিনথিস ও অ্যানিলিডা পর্বের মধ্যে তুলনা করা হলো-
প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কলাঅঙ্গ মাত্রার প্রথম ত্রিস্তরী ও পৃষ্ঠ অঙ্কীয় চ্যাপ্টা দেহবিশিষ্ট প্রাণী। এদের দেহ নরম সিলিয়াযুক্ত অথবা কিউটিকলযুক্ত এপিডার্মিস দ্বারা আবৃত। এদের বাহ্যিক চোষক থাকে। এদের পৌন্টিকতন্ত্র পায়ুছিদ্র বিহীন এবং শাখান্বিত। এদের দেহ সিলোমবিহীন, রক্তসংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র শিখাকোষ সমৃদ্ধ এবং সাধারণ অনুদৈর্ঘ্য স্নায়ুরজ্জু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। এদের প্রজনন যৌন প্রকৃতির এবং এরা অধিকাংশই পরজীবী।
অপরদিকে, অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহ লম্বা, নলাকার ও পাতলা কিউটিকল দ্বারা আবৃত। এরা প্রকৃত সিলোমযুক্ত। এদের প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত ও এদের চলন অঙ্গ পেশল প্যারাপোডিয়া। এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া। এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল এবং পৌষ্টিকনালি মুখ ও পায়ুছিদ্র সমন্বিত।
অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, প্লাটিহেলমিনথিস ও অ্যানিলিডা পর্বের মধ্যে অ্যানিলিডা পর্বের প্রাণীরা অধিক উন্নত।