উদ্দীপকের Z হলো ৪ প্রকার নেমাটোসিস। যাদের মধ্যে A হলো স্টিনোটিল, B হলো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, C হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এবং D হলো ভলভেন্ট। নিচে এই চার প্রকার নেমাটোসিস্টের গঠন ও কাজ বিশ্লেষণ করা হলো-
১. স্টিনোটিল : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই সর্ববৃহৎ এবং জটিল ধরনের। এদেরকে আদর্শ নেমাটোসিস্ট হিসেবে ধরা হয়। এদের থলিটি নাশপাতি আকৃতির। এর ভিতরে আমিষ ও ফেনলে সমৃদ্ধ হিপনোটক্সিন (Hypnotoxin) নামক বিষাক্ত তরল থাকে। এদের সূত্রক লম্বা, ফাঁপা এবং এর প্রান্তভাগ খোলা। সূত্রকের গোড়ায় স্ফীত অংশকে বাট (Butt) বলে। এদের প্রশস্ত বাটে তিনটি বড় তীক্ষ্ণ কাঁটা (Barb) এবং তিন সারি সর্পিলাকারে সজ্জিত বার্বিউল থাকে।
কাজ : শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অজ্ঞান ও অবশ করে।
২. ভলভেন্ট : এ ধরনের নেমাটোসিস্ট অপেক্ষাকৃত ছোট ও নাশপাতি আকৃতির। এদের বাটে কোন ধরনের বার্ব ও বার্বিউল থাকে না । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং শীর্ষপ্রান্ত বদ্ধ। এদের ক্যাপসুলের ভিতরে সূত্রকটি একটিমাত্র প্যাঁচে অবস্থান করে । কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করে।
কাজ : এটি শিকার কিংবা বস্তুকে আঁকড়ে ধরতে ব্যবহৃত হয়।
৩. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট : এগুলো ছোট, লম্বাকৃতির বা ডিম্বাকৃতির এদের সূত্রক চাবুকের ন্যায় লম্বা, সর্পিলাকারে সজ্জিত এবং সূত্রকের গায়ে ছোট ছোট কাঁটা থাকে। এগুলোর বাট সুগঠিত নয় এবং সূত্রকের শীর্ষপ্রান্ত খোলা।
কাজ : এগুলো আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকার আটকাতে সাহায্য করে।
৪. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট : এগুলো ক্ষুদ্রতম, ডিম্বাকৃতির বা লম্বাকৃতির। এদের সূত্রক লম্বা, কাঁটাবিহীন এবং শীর্ষপ্রান্ত উন্মুক্ত। এগুলোর বাট সুগঠিত নয়।
কাজ : এগুলোও এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে।