উদ্দীপকের 'খ' অঙ্গটি হলো অগ্ন্যাশয়। এর বহিঃক্ষরা অংশ হতে বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমগুলো আমিষ, শর্করা ও স্নেহ অর্থাৎ সব ধরনের খাবার পরিপাকে সহায়তা করে।
অগ্ন্যাশয় নিঃসৃত অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেনকে মল্টোজ পরিণত করে। আবার মল্টেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। এভাবে অগ্ন্যাশয় শর্করা পরিপাকে সহায়তা করে। আবার ট্রিপসিন ও কাইমোট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোনকে পলিপেপটাইডে এবং অ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে অ্যামিনো এসিডে পরিণত করে। ট্রাইপেপটাইডকে ট্রাইপেপটাইডেজ এনজাইম এবং ডাইপেপটাইডকে ডাইপেপটাইডেজ এনজাইম অ্যামিনো এসিডে পরিণত করে। ইলাস্টিনকে ইলাস্টেজ এনজাইম পেপটাইডে পরিণত করে। এভাবে অগ্ন্যাশয় নিঃসৃত এনজাইম আমিষ পরিপাক করে।
এছাড়া লাইপেজ এনজাইম লিপিডকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে। আবার ফসফোলিপিডকে ফসফোলাইপেজ এনজাইম ফ্যাটি এসিড, গ্লিসারল ও ফসফরিক এসিডে পরিণত করে। এভাবে অগ্ন্যাশয় নিঃসৃত এনজাইম স্নেহ জাতীয় খাদ্যদ্রব্য পরিপাকে সহায়তা করে । সুতরাং উদ্দীপকের 'খ' অর্থাৎ অগ্ন্যাশয় খাবার পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।