উদ্দীপকের ব্লকচিত্র-২ এর আলোকে কম্পিউটারের গঠন নিচে বর্ণনা করা হলো—
চিত্রে একটি কম্পিউটারের গঠন প্রক্রিয়া দেখানো হয়েছে, যা প্রধানত চারটি প্রধান অংশ নিয়ে গঠিত; ইনপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU), মেমরি ইউনিট এবং আউটপুট ডিভাইস ।
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) সিপিইউ কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট, যা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে। এটি দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত :
• কন্ট্রোল ইউনিট (CU) : কন্ট্রোল ইউনিট কম্পিউটারের প্রতিটি নির্দেশকে পরীক্ষা করে এবং তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে। মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কিনা, নিয়ন্ত্রক অংশ এসব বিষয় ঠিক করে। এছাড়া কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য হার্ডওয়্যার পেরিফেরালগুলো কর্মক্ষম রাখে এবং নিয়ন্ত্রণ করে ।
• অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU) : গাণিতিক ও যুক্তি অংশটি কম্পিউটারের অন্যতম প্রধান অংশ। এ অংশকে Arithmetic Logic Unit বা সংক্ষেপে এএলইউ (ALU) বলা হয়। বিভিন্ন প্রকার লজিক সার্কিটের সমন্বয়ে এ অংশটি গঠিত। এ অংশ ডেটার উপর যাবতীয় গণনার কাজ; যেমন— যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পাদন করে ।
মেমোরি ইউনিট : মেমোরি হচ্ছে কম্পিউটারের একটি অংশ, যেখানে তথ্য জমা থাকে। কম্পিউটার কার্যকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য মেমোরিতে জমা করে রাখতে পারে এবং প্রয়োজনের সময়ে এখান থেকে তথ্য নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগসহ যাবতীয় কাজ করতে পারে। মেমোরির সাথে কম্পিউটারের অন্যান্য অংশের সরাসরি সংযোগ থাকে। যেকোনো তথ্য দিয়ে কম্পিউটারে কাজ করতে হলে প্রথমে তা মেমোরিতে জমা রাখতে হয় ।
মেমোরিকে সাধারণভাবে দু'ভাগে ভাগ করা যায়। যথা— ১. অস্থায়ী (volatile) মেমোরি ২. স্থায়ী (non-volatile) মেমোরি
ইনপুট ডিভাইস. - ইনপুট ডিভাইস ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে এবং তা কম্পিউটারে প্রক্রিয়াকরণের জন্য পাঠায়। উদাহরণস্বরূপ, কীবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় ।
আউটপুট ডিভাইস- আউটপুট ডিভাইস প্রক্রিয়াকৃত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে। উদাহরণস্বরূপ মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় ।
এইভাবে, ইনপুট ডিভাইস থেকে তথ্য গ্রহণ করে, মেমোরি ইউনিটে তা সংরক্ষণ করে, সিপিইউ এর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদর্শন করে একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম কাজ করে ।