উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের দিকটিকে নির্দেশ করেছে।
১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালিয়ে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। এ দেশের নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু, ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী কেউই তাদের হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি।
উদ্দীপকে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে যেখানে রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের চিত্রটি দেখানো হয়েছে। এটি মূলত ১৯৭১ সালের হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের দিকটিই নির্দেশ করে যা 'রেইনকোট' গল্পেও প্রতিফলিত হয়েছে। 'রেইনকোট' গল্পে ১৯৭১-এর ঢাকা শহরের একটি সংকটময় ও ভীতিকর চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে মানুষের ওপর হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। মুয়াজ্জিনকে তারা গুলি করে হত্যা করেছে। ক্রাক-ডাউনের রাতে মেশিনগান আর স্টেনগান দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। এভাবে উদ্দীপকের চিত্রটি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের দিকটিকে নির্দেশ করেছে।