উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদারদের বর্বরতা ও বাঙালির প্রতিরোধের দিকটি ফুটে উঠেছে।
মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে 'রেইনকোট' গল্পটি রচিত। এ গল্পে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। একই সঙ্গে ব্যক্ত হয়েছে শত্রুসেনার বিরুদ্ধে বাঙালির যূথবদ্ধ প্রতিরোধের দিকটি।
উদ্দীপকের কবিতায় হানাদার বাহিনীর পাশবিকতার দিকটি ফুটে উঠেছে। তারা নির্বিচারে মানুষ মেরেছে। শত শত গ্রাম, শহরের বস্তি ও স্থাপনা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু বাঙালিরাও থেমে থাকেনি বরং মুক্তির জন্য লড়াই করে হানাদারদের দেশছাড়া করেছে। 'রেইনকোট' গল্পেও বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করা, আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে গুলি করা ও মুক্তিসেনাদের তথ্য জানতে শিক্ষককে অমানুষিক নির্যাতনের চিত্রের মাধ্যমে হানাদার বাহিনীর বর্বরতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ঢাকা কলেজের সামনের বৈদ্যুতিক টান্সফর্মার ধ্বংস, প্রিন্সিপালের বাড়িতে গ্রেনেড ছোড়ার মধ্যদিয়ে বাঙালির যূথবদ্ধ প্রতিরোধ চিত্র ফুটে উঠেছে।