একটি উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ যথেষ্ট সম্ভাবনাময়- এই মতামতটি যুক্তিযুক্ত।
উদীয়মান দেশ বলতে সেইসব দেশকে বোঝায়, যারা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এবং বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে যে পশ্চাৎপদ ও অনুন্নত অর্থনৈতিক কাঠামো লাভ করেছিল তা থেকে বেরিয়ে এসেছে। দেশটি বর্তমানে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
উদ্দীপকে সম্প্রতি জিডিপির প্রবৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ, দারিদ্র্য বিমোচন ও পরিবেশগত উন্নয়ন প্রভৃতিতে বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থানে আছে। এই সূচকগুলোই প্রমাণ করে, বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়, বরং গতিশীল। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ অর্থনীতির প্রায় সবক্ষেত্রেই গুণগত পরিবর্তন অর্জিত হয়েছে। বিশেষ করে পোশাক শিল্পের অবদান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি প্রভৃতি কারণে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে।
দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করছে। সরকার কর্তৃক গৃহীত বিনিয়োগবান্ধব নীতি এবং বেসরকারি খাতের ভূমিকা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করেছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সব শর্ত পূরণ করেছে। অতএব, সামষ্টিক ইতিবাচক পরিবর্তন, অবকাঠামোগত উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা রাখছে। সুতরাং উপরিউক্ত কারণে বলা যায়, একটি উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ যথেষ্ট সম্ভাবনাময়।