উদ্দীপকে মাসুম সাহেবের ব্যবসাটি অভ্যন্তরীণ বাজার এবং রিপন সাহেবের ব্যবসাটি আন্তর্জাতিক বাজার নির্দেশ করে। একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে যখন কোনো পণ্য ক্রয়-বিক্রয় করা হয়, তখন তাকে অভ্যন্তরীণ বাজার বলে। অপরপক্ষে, দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য ক্রয়-বিক্রয় হলে তাকে আন্তর্জাতিক বাজার বলে। অভ্যন্তরীণ বাজারের উদাহরণ হলো খুলনা ও বরিশালের বাজার। আর, ভারত-বাংলাদেশের মধ্যে সংঘটিত হয় আন্তর্জাতিক বাজার। উদ্দীপকে লক্ষ করা যায়, মাসুম সাহেব খুলনা থেকে পোশাক ক্রয় করে বরিশালের স্থানীয় বাজারে বিক্রি করে। যা অভ্যন্তরীণ বাজারকে নির্দেশ করে। অপরপক্ষে, রিপন সাহেব চীন থেকে পেঁয়াজ, রসুন ক্রয় করে বাংলাদেশে বিক্রি করে। আর বাংলাদেশ থেকে শাকসবজি ও চিংড়ি মাছ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্রয় করে। যা আন্তর্জাতিক বাজারকে নির্দেশ করে। উভয় ধরনের বাজারের পণ্য ক্রয়-বিক্রয় হলেও কিছু পার্থক্য বিদ্যমান। অভ্যন্তরীণ বাজারে ভৌগোলিক সীমানা বিবেচিত হয়। আর আন্তর্জাতিক বাজারে তা বিবেচনা করা হয় না। আবার অভ্যন্তরীণ বাজারে সাধারণত অবাধে ক্রয়-বিক্রয় চলে। তবে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের বিধি- নিষেধ থাকে। এছাড়াও অভ্যন্তরীণ বাজারে নগদে বা বাকিতে ক্রয়-বিক্রয় হয়। অপরপক্ষে, আন্তর্জাতিক বাজারে লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। এর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় হবে। অপরপক্ষে, আন্তর্জাতিক বাজারে শুধু পাইকারি ক্রয় বিক্রয় হয়।