উদ্দীপকের আলোকে সবুজের বাণিজ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং শাকিলের বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। তাদের বাণিজ্যের মধ্যে মৌলিক পার্থক্যগুলো নিচে ব্যাখ্যা করা হলো-১. বাণিজ্যের পরিধি: অভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের অভ্যন্তরে পরিচালিত হয় এবং এতে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যেই লেনদেন সীমিত থাকে। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য একাধিক দেশের মধ্যে পরিচালিত হয় এবং এতে রপ্তানি ও আমদানির মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়।২. ব্যবহৃত মুদ্রা: অভ্যন্তরীণ বাণিজ্যে একক মুদ্রা ব্যবহৃত হয়, কারণ এটি একই দেশের মধ্যে পরিচালিত হয়। অপরদিকে, আন্তর্জাতিক' বাণিজ্যে বিভিন্ন দেশের মুদ্রা ব্যবহৃত হয়, কারণ লেনদেন বিভিন্ন দেশের মধ্যে সম্পন্ন হয়।৩. ব্যাংকিং ব্যবস্থা: অভ্যন্তরীণ বাণিজ্যে সাধারণ ব্যাংকিং পরিষেবার মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়। অপরদিকে, আন্তর্জাতিক ৰাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করতে হয়।৪. শুল্ক ও বাণিজ্য নীতি: অভ্যন্তরীণ বাণিজ্যে শুল্ক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ নেই, কারণ এটি একই দেশের বাজারের মধ্যে পরিচালিত হয়। অপরদিকে, আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, কাস্টমস নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুসরণ করতে হয়।৫ . বাণিজ্যের প্রভাব: অভ্যন্তরীণ বাণিজ্য দেশের অভ্যন্তরীণ বাজার ও স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলে। পক্ষান্তরে, আন্তর্জাতিক বাণিজ্য দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে, রপ্তানি আয় বৃদ্ধি করে এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করে।সুতরাং, সবুজের বাণিজ্য দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণে ভূমিকা রাখলেও, শাকিলের বাণিজ্য দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন, আমদানি চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।