সরকার জনকল্যাণমূলক কার্যক্রম ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ ব্যয় করে থাকে।
বর্তমান যুগে প্রতিটি সরকার নাগরিকদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ হওয়ায় তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে হয়। এসব জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজ করার জন্য সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হয়। জনকল্যাণ সাধন ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া সরকারের প্রধান কাজগুলোর মধ্যে পড়ে ।
উদ্দীপকে সরকার মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিবহন ও যোগাযোগ খাতে অনেক অর্থ ব্যয় করছে। আজকাল সরকারি ব্যয়ের একটি প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন। এছাড়া পূর্ণ কর্মসংস্থান অর্জন ও তা বজায় রাখার উদ্দেশ্যে সরকারকে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন, যেমন— রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রভৃতি খাতে ব্যয় করার প্রয়োজন হয়।