অথবা, ভাবসম্প্রসারণ করো: পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
উত্তর: মূলভাব: পথ মানে উপায় অবলম্বন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথিকই তার পথ বের করে। পথ কোনো পথিককে আবিষ্কার করে না। তাকে লক্ষ্যে পৌছানোর কথা বলে দেয় না। পথিক বা মানুষ নিজ চেষ্টায় তার সাফল্যের পথ তৈরি করে নেয়। সম্প্রসারিত ভাব: মানুষকে এই পৃথিবীতে অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য নানা ধরনের পথ তৈরি করে নিতে হয়। জ্ঞানসাধনা ও জীবন সাধনায় জয়ী হতে হলে মানুষকে বিচিত্র পথে এগুতে হয়। জীবন চলার পথ কেবল ফল বিছানো হয় না; কাঁটা বিছানোও হয়। কঠিন সংগ্রামের পথে পাড়ি দিয়ে পথিককে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়। কোনো সাফল্য বা উন্নতির পথ নিজে নিজেই ব্যক্তিকে বেছে নেয় না। ব্যক্তিই তার উন্নতির পথ বেছে নেয়। উন্নতি বা সাফল্যের জন্য মানুষকে সমূহ ঝুঁকি বা সংগ্রামের পথে অবতীর্ণ হতে হয়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য বাঙালিকে সশস্ত্র সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। বহু রক্তক্ষয় আর জীবনোৎসর্গের মধ্য দিয়ে স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছে। বিনা চেষ্টায় বা সংগ্রামের পথ না দিয়ে স্বাধীনতা অর্জন কোনো দিনই সম্ভব হতো না। সৃষ্টির সূচনালগ্ন থেকেই মানুষ নিজ কল্যাণ সাধনের জন্য শ্বাপদ-সংকুল পথে এগিয়েছে। বনজঙ্গল কেটে, হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নিজের নিরাপদ বাসস্থান নিশ্চিত করেছে। ভাগ্যোন্নয়নে মানুষ জয় করে নিয়েছে দুর্গম গিরিপথ, আকাশপথ, সাগর-মহাসাগর। আজকের বিজ্ঞানীরা দুঃখ-সাহসে নবনব আবিষ্কার, অভিযানের পথে পাড়ি জমাচ্ছে। মানুষের চিরকালীন কল্যাণে যারা নতুন নতুন পথ আবিষ্কার করেছে, তা চিরস্মরণীয় হয়ে থাকৰে। যুগে যুগে সাধক, পণ্ডিত ও বিজ্ঞানীরা মানুষের জন্য নির্মাণ করে গিয়েছে আরেক পথ- মুক্তির পথ। তারা মানুষে মানুষে মেলবন্ধনের উপায় নির্ধারণ করে গেছেন। সঠিক ও যথার্থ পথ আবিষ্কারে মানুষকে অবিরাম সংগ্রাম করতে হয়েছে। কল্যাণের পথ নিজে নিজেই মানুষের কাছে এসে দাঁড়ায়নি। মানুষ নিজ চেষ্টা সাধনায় সমগ্র মানবতার কল্যাণ ও মুক্তির পথ খুঁজে নিয়েছে। মন্তব্য: কালের বিবর্তনে মানুষ মুক্তির বিচিত্র পথে এগিয়ে গিয়েছে। মহাজ্ঞানী ও মহৎ সাধকেরা মুক্তির যে পথ আবিষ্কার করেছে, আমাদেরকে সে সব পথ অনুসরণ করতে হবে সার্বিক কল্যাণের জন্য। পথ আমাদেরকে ডাকবে না। আমরা নিজেদের কল্যাণেই নতুন পথের সন্ধানে এগিয়ে যাব। এতে আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা, ভাবসম্প্রসারণ করো: পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
উত্তর