নিম্নোক্ত ইঙ্গিত 'অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর: এখন শীতকাল, চারিদিকে ঘন কুয়াশা। তাই বাবুল আনন্দচিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতইপিঠা বানিয়ে তাকে খেতে ডাকলেন। কিন্তু [গণিত] ..
উত্তর: একটি দুঃস্বপ্নের পর এখন শীতকাল, চারিদিকে ঘন কুয়াশা। তাই বাবুল আনন্দচিত্তে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে খেতে ডাকলেন। কিন্তু বাবুল আসছে না। আসবে কী করে, ছুটির দিনে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাবুলের ঘরের পাশে রান্নাঘর থেকে মা একটা চিৎকার শুনতে পেলেন। মা দৌড়ে গিয়ে দেখলেন, ঘুমের ঘোরে বাবুল প্রলাপ বকছে। কারও কাছে সাহায্য চাইছে সে। মা তাকে মাথায় হাত বুলিয়ে জাগালেন। বাবুল হঠাৎ উঠে বসে ফ্যালফ্যাল করে তাকাল মায়ের দিকে। মা টেবিল থেকে পানিভরতি গ্লাসটা বাবুলের দিকে এগিয়ে ধরে বললেন- নে বাবা, পানিটা খেয়ে নে। দুঃস্বপ্ন দেখছিলি? বাবুল ঢকঢক করে পানি খেয়ে মায়ের হাতে দিয়ে বলল-হ্যাঁ মা, ভয়াবহ একটা দুর্ঘটনা দেখে ভয় পেয়ে গেছি। ঘন কুয়াশার মধ্যে মোটর সাইকেল দুর্ঘটনা। দেখলাম কোনো একটা জরুরি কাজে খুব ভোরে আমি শহরে যাচ্ছি। ঘন কুয়াশার মধ্যে মোটর সাইকেলের হেড লাইট জ্বালানো থাকলেও সামনে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। গতি কমিয়েই চালাচ্ছি। হঠাৎ একটা লোক রাস্তা পার হতে গিয়ে আমার সামনে এসে পড়ল। আমি ব্রেক কসলাম। হঠাৎ দেখলাম আমি রাস্তার পাশে পড়ে আছি। ডান হাত ভেঙে গেছে আমার। পথচারি লোকটি রাস্তায় অচেতন পড়ে আছে। তার কাছে গিয়ে দেখি বেঁচে আছে। মাথায় আঘাত লেগেছে। রক্ত ঝরছে। আমি একা তাকে টেনে তুলতে পারছি না। চিৎকার করে ডাকছি সাহায্যের জন্য, কেউ এগিয়ে আসছে না...। মা বাবুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন- আল্লাহ করুক, এমন যেন না হয়। সব সময় সতর্ক থাকলে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। শীতের সময় কুয়াশা বেশি হলে, সাবধানে গাড়ি চালানো উচিত। মায়ের কথা শুনতে শুনতে বাবুল ভাবছে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সে কাজ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে স্ট্যাটাস দিয়ে সবাইকে সচেতন করবে। তার পাড়া-মহল্লায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে প্রচার-প্রচারণা চালাবে। মা তাড়া দিলেন, কী হলো? কী ভাবছিস? উঠে আয়, আমি তোর জন্য চিতই পিঠা বানিয়েছি। খেজুরের গুড় দিয়ে খাবি, চল। মায়ের কথায়। বাবুলের ভাবনা কাটল। বিছানা ছেড়ে উঠতে উঠতে মাকে বলল-তুমি যাও মা, আমি আসছি। মা চলে গেলে বাবুল চার্জে দেওয়া মোবাইল ফোন হাতে নিল। স্বপ্নে যে দুর্ঘটনা সে দেখেছে, তা নিয়ে সচেতনতা বাড়াতে একটি স্ট্যাটাস লিখতে চাইল। বাবুল তা লিখতে গিয়ে দেখল- কেউ একজন পোস্ট করেছে- আজ সকালে মোটর সাইকেল দুর্ঘটনায় ডাক্তারের মৃত্যু। ডাক্তার শুভ ময়মনসিংহ শহরের বাসা থেকে ঢাকা পিজি হাসপাতালে তার কর্মস্থলে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বাবুল একটু আগে ঘুমের মধ্যে স্বপ্নে যা দেখেছে তা বাস্তবে দেখে খুবই মর্মাহত হলো। তারপর নিজের ফেইসবুক আইডিতে লিখল- একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, দুর্ঘটনা এড়িয়ে চলতে আসুন আমরা সতর্ক হই। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আমরা যদি নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে... বাবুল লিখেই চলছে। মা চিতই পিঠা খাওয়ার জন্য তাকে ডেকেই চলছেন।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
নিম্নোক্ত ইঙ্গিত 'অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর: এখন শীতকাল, চারিদিকে ঘন কুয়াশা। তাই বাবুল আনন্দচিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতইপিঠা বানিয়ে তাকে খেতে ডাকলেন। কিন্তু
উত্তর