ভাব-সম্প্রসারণ লিখো তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
উত্তর: ভাব-সম্প্রসারণ : জীবনবোধ সকলের কাছে সমান নয় । বিবেকসম্পন্ন মানুষের চিন্তাচেতনা আর বিবেকবর্জিত মানুষের চিন্তাচেতনা কখনো এক নয়। তাই স্বার্থপর এবং বিবেকহীন মানুষ হীনস্বার্থে যেকোনো ধরনের পদক্ষেপ নিয়ে অধমের পরিচয় দিলেও তাকে দেখে বিবেকসম্পন্ন মানুষেরও তার পথে হাঁটার কোনো অর্থ নেই। তাকে পৃথিবীর প্রয়োজনে ভালো কাজ করে উত্তমের পরিচয় দিতে হবে। সৃষ্টিকর্তা বলেছেন, “মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব।” মানুষকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত জ্ঞান, দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জ্ঞানই হলো বিবেক। কণ্টকাকীর্ণ এই পৃথিবীতে মানুষকে চলতে হবে দেখেশুনে। একজন মানুষ হীনস্বার্থের বশীভূত সাময়িক । হয়ে অন্যায় কাজ করতে পারে এবং তাতে জাগতিক দৃষ্টিতে তার জয় কিংবা উন্নতি দৃষ্টিনন্দন হতে পারে। কিন্তু এ জয় ক্ষণস্থায়ী, এ ধরনের কাজের পশ্চাতে থাকে মানবতাবর্জিত জীবনবোধ। তাই কারও উচিত নয় এ ধরনের কাজ দেখে উৎসাহিত হওয়া, কিংবা তাকে সমর্থন করা। মানবতাবর্জিত মানুষ অধম। তার থাকতে পারে অর্থ, যশ, খ্যাতি। কিন্তু তা মানবকল্যাণে ব্যয়িত না হলে ঐ সম্পদের কোনো মূল্য নেই। এ ধরনের ব্যক্তি কারও আদর্শ হতে পারে না; বরং যিনি প্রকৃত জ্ঞানী তিনি কখনো এ ধরনের মানুষের নীতি গ্রহণ করেন না। এ পৃথিবী যেহেতু ভালো-মন্দের হাটবাজার, তাই এখানে ভালো যেমন থাকবে তেমনি থাকবে মন্দের বেসাতি । নিজের মন যদি পরহিতে উৎসর্গকৃত হয় তবে শত খারাপের মাঝেও সে উন্নত চরিত্র ধরে রাখতে পারবে। পঙ্কের মধ্যে জন্মেও যেমন পঙ্ক পদ্মের শুচিতাকে ছুঁতে পারে না, পারে না পদ্মের সৌন্দর্যকে মলিন করতে, তেমনি যথার্থ জ্ঞানী কখনো পথভ্রষ্ট হয় না । চোখ-কান খুলে জগৎকে দেখতে হবে জানতে হবে। এর মানে এই নয় অন্যায়কে অনুকরণ বা সমর্থন করতে হবে। মানুষ তার সাধনা দিয়ে কঠিন তপস্যা দিয়ে এই পৃথিবীকে কুসুমে কুসুমে ভরে তোলে। যারা এই কাজ করতে সমর্থ তারাই উত্তম। আর যারা হীনস্বার্থ চরিতার্থে ব্যস্ত তারাই অধম । ফারসি ভাষার কবি শেখ সাদী বলেছেন, “কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরকে কামড়ানো কী মানুষের শোভা পায়।” বাস্তবতা এমন, কেউ খারাপ কিছু করতে পারে কিন্তু তার জবাবে অনুরূপ বা তার চেয়ে বেশি খারাপ ব্যবহার তাকে ফিরিয়ে দেওয়া মহত্ত্বের কাজ নয়; বরং তাকে বুঝিয়ে, তাকে জ্ঞান দিয়ে, সাহায্য করে ক্ষতিকর কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। বস্তুত উত্তম সেই যে মানবতার কল্যাণে মঙ্গলজনক কাজ করেন।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাব-সম্প্রসারণ লিখো তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
উত্তর