ভাব-সম্প্রসারণ কর: "রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফেরে, ব্যর্থ হয় তারা।"
উত্তর: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ- অমোঘ বিশ্বনিয়মে মহাকাল এই তিন কালপরিক্রমায় বয়ে চলেছে নিরবধি। মানব জীবনেও লীলায়িত এই কালপ্রবাহে। এই কাল পরিক্রমায় ভবিষ্যৎ নিয়ে মানুষের অধীরতা সামান্যই। বর্তমানই মানুষের জীবনে সবচেয়ে ফলপ্রসূ বাস্তব। এই বর্তমানই একসময় পরিণত হয় স্মৃতিবাহী অতীতে। শত চেষ্টাতেও সে অতীতকে ফিরিয়ে আনা যায় না বর্তমানের চৌহদ্দিতে। তাই অতীতের জন্যে আক্ষেপ না করে যে বর্তমান হাতের মুঠোয়, তার মধ্যেই জীবনের সার্থকতা লাভের চেষ্টা করাই শ্রেয়। প্রকৃতির অমোঘ নিয়মে দিনের শেষে সূর্য অস্ত যায়। তারপর কালো আঁধারে ঢাকা পড়ে বিশ্বচরাচর। রাতের আকাশে অন্ধকারের বুক চিরে মুক্তোর মতো জ্বলজ্বল করে অসংখ্য নক্ষত্র। অনুপম সে সৌন্দর্য। সেই সৌন্দর্যকে উপেক্ষা করে রাতের বেলায় কেউ যদি সূর্যের আলোয় উদ্ভাসিত আকাশের জন্যে হা-হুতাশ করে, তার জন্যে ব্যাকুল হয়ে ওঠে তবে সে কেবল ব্যর্থই হয় না, রাতের সৌন্দর্য উপলব্ধি থেকেও সে বঞ্চিত হয়। অথচ এ জগতে কেউ কেউ এই সত্যটুকু বুঝতে পারেন না। তাঁরা কঠিন বাস্তবে প্রত্যাশিত মাধুর্য না দেখলে বর্তমানকে মেনে নিতে পারেন না। বিগত দিনের স্মৃতিকে বুকে আঁকড়ে থাকতে চান। অতীত স্মৃতির জাবর কেটে ভুলে থাকতে চান বর্তমানকে। তাঁদের কাছে বর্তমানের চেয়ে অধিকতর সুখস্বপ্নময় মনে হয় ফেলে আসা অতীতকে। আর বর্তমান সম্পর্কে গভীর হতাশা তাঁদের আচ্ছন্ন করে। কিন্তু বাস্তবে এঁরা বুঝতে পারেন না যে, অতীতের জন্যে হা-হুতাশ করে বর্তমানকে উপেক্ষা করায় লাভ তো হয়ই না, বরং বর্তমান ও ভবিষ্যতের সাফল্য ও সম্ভাবনার সুযোগটুকুও নষ্ট হয়। এ ধরনের অতীত-আচ্ছন্নতা জীবনে বর্তমানকে কাজে লাগাতে কেবল ব্যর্থ হয় না, ভবিষ্যতের সম্ভাবনাকেও নিঃশেষে বিলীন করে ফেলে। ফলে শেষ পর্যন্ত জীবন আচ্ছন্ন হয় ব্যর্থতা ও হতাশায়। তাই বিগতের জন্যে শোক না করে বর্তমানকে গুরুত্ব দেওয়াই শ্রেয়। প্রকৃতির অমোষ নিয়ম মেনে নিয়েই জীবনের পূর্ণতার পথে অগ্রসর হওয়ার চেষ্টাতেই সার্থকতা আসে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাব-সম্প্রসারণ কর: "রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফেরে, ব্যর্থ হয় তারা।"
উত্তর