HSCSocial Work 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
ফারজানা হক পরিবারের একমাত্র সন্তান। মা-বাবা কাজের প্রয়োজনে বাইরে গেলে সে বাসায় একা থাকে। খেলার সাথি পায় না। এই একাকিত্ব তাকে অসুস্থ করে তোলে। তার মধ্যে একধরনের ভ্রান্তি বা ব্যক্তিত্বের অস্বাভাবিকতা তৈরি হয়। সে বড় হলেও সবার সাথে মিলেমিশে চলতে পারে না। তাই তার মা-বাবা তার জন্য বড়ই দুশ্চিন্তাগ্রস্ত।
Chittagong · 2017
ক
বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?
উত্তর
বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়।
খ
বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?
উত্তর
বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্মের সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে শিশুর বিদ্যালয় গমন এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদান নিরূপণের লক্ষ্যে কাজ করা হয়।
বিদ্যালয় সমাজকর্মীরা বিদ্যালয়ে শিক্ষার্থী সহায়ক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। মূলত যেসব শিক্ষার্থী স্কুলে অমনোযোগী, স্কুল থেকে ঝরে পড়ে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাদেরকে স্কুলের পরিবেশ ও পড়াশোনার উপযোগী করে তোলার লক্ষ্যে বিদ্যালয় সমাজকর্ম কাজ করে থাকে।
গ
উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সমাজকর্মের কোন শাখা উপযোগী? ব্যাখ্যা করো।
উত্তর
উদ্দীপকে ফারজানা হকের সমস্যাটি মানসিক হওয়ার তার চিকিৎসার জন্য সাইকিয়াট্রিক সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখতে পারে।
সাইকিয়াট্রিক সমাজকর্ম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানসিকভাবে বিধ্বস্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সাইকিয়াট্রিক সমাজকর্মে বিভিন্ন মানসিক রোগীদের তত্ত্বাবধান, তাদের রোগের কারণ অনুসন্ধান, পর্যাপ্ত সেবা ও ওষুধ প্রদান, কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে মানসিক সেবা প্রদান করা হয়। আর এ ধরনের সহায়তাই উদ্দীপকে ফারজানার ক্ষেত্রে প্রয়োজন।
ফারজানা পরিবারের সদস্যদের বিশেষ করে বাবা-মায়ের সঙ্গ পর্যাপ্ত পরিমাণে পায়নি। বেশিরভাগ সময়ে বাবা-মা কাজের কারণে বাড়িতে না থাকায় এবং অন্য কোনো খেলার সাথি না থাকায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে স্বাভাবিক আচরণ করতে পারছে না এবং সবার সাথে মিলেমিশে চলতে পারছে না। এমতাবস্থায় একজন সাইকিয়াট্রিক সমাজকর্মী ফারজানাকে সুস্থ করে তুলতে সর্বাত্মক সহায়তা করতে পারেন। ফারজানার জন্য কী ধরনের চিকিৎসা প্রয়োজন তা তিনি ঠিক করে দিতে পারেন। তাছাড়া নিয়মিত ফারজানার সাথে কাউন্সেলিং, তারা বাবা-মাকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান প্রভৃতি ক্ষেত্রেও সাইকিয়াট্রিক সমাজকর্মের সহায়তা অত্যন্ত কার্যকর হবে। সুতরাং বলা যায়, ফারজানাকে দ্রুত সুস্থ করে তুলতে তার বাবা-মায়ের উচিত একজন সাইকিয়াট্রিক সমাজকর্মীর সহায়তা নেওয়া।
ঘ
উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।
উত্তর
উক্ত শাখা অর্থাৎ সাইকিয়াট্রিক সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে সমাজকর্মের পেশাগত বিকাশ ত্বরান্বিত করা সম্ভব।
সমাজকর্ম একটি প্রায়োগিক জ্ঞানশাস্ত্র। কেবল তত্ত্বগত আলোচনার মধ্যেই এটি সীমাবদ্ধ নয়। বহুমুখী বাস্তব সমস্যা সমাধানে এই জ্ঞানশাস্ত্র প্রয়োগযোগ্য। এজন্যই সমাজকর্মের পেশাগত ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর এই পেশাগত ক্ষেত্রকে আরও কার্যকর করতে সাইকিয়াট্রিক সমাজকর্মের মতো শতভাগ প্রায়োগিক শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানসিক রোগীদের চিকিৎসার কাজটি মূলত মনোরোগ বিশেষজ্ঞ করে থাকেন। এক্ষেত্রে একজন মনোচিকিৎসক কেবল রোগী নিয়েই গবেষণা ও আলোচনা করে থাকেন। কিন্তু একজন সাইকিয়াট্রিক সমাজকর্মী সাহায্যার্থীর চিকিৎসা প্রদানের পাশাপাশি তার পরিবার, মাতাপিতা ও ভাই-বোনকে নিয়ে পারিবারিক থেরাপি এবং দলীয় থেরাপি প্রদান করে থাকেন। তিনি সাহায্যার্থীর মানসিক ও সামাজিক দিক বিবেচনা করে সাহায্য প্রদান করেন। সুতরাং নিঃসন্দেহে পেশাগত দিক বিবেচনায় সমাজকর্মের এ শাখাটির প্রায়োগিকতা অসামান্য। তাছাড়া সমাজব্যবস্থায় ক্রমাগত জটিলতা বাড়ায় সাইকিয়াট্রিক সমাজকর্মের আবেদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এর পেশাগত ক্ষেত্রও প্রসারিত হচ্ছে। বর্তমানে সারাবিশ্বেই সমাজকর্মের এ শাখাটির প্রসার ঘটছে।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক রোগীদের চিকিৎসায় অত্যন্ত ফলপ্রসূ। আর এ কারণেই সমাজকর্মের পেশাগত বিকাশে এর ভূমিকা অত্যন্ত কার্যকর।
সম্পূর্ণ প্রশ্ন দেখো