HSCFinance 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
জনাব খান ও জনাব চৌধুরী দুজনই বৈদেশিক ব্যবসায়ের সাথে জড়িত। জনাব খান চীন থেকে বাচ্চাদের জন্য খেলনা আমদানি করে, আর অপরজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যাংক জনাব খানের পক্ষে এক ধরনের পত্র ইস্যু করে, যা না পাঠালে বিদেশি রপ্তানিকারক পণ্য পাঠায় না। প্রতিনিয়ত এরূপ পত্র সংগ্রহের ঝামেলা থেকে পরিত্রাণের জন্য জনাব খান নতুন এক ধরনের পত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে জনাব চৌধুরী তার অনুকূলে ইস্যুকৃত বিদেশি আমদানিকারক প্রেরিত পত্র ব্যাংকে বন্ধক রেখে তার বিপক্ষে প্রয়োজনীয় কাপড় ও অন্যান্য পণ্য আমদানির জন্য নতুন পত্র সংগ্রহ করেন।
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক
ভাসমান মুদ্রা কী?
উত্তর
কোনো দেশের মুদ্রার মান সরকারিভাবে নিয়ন্ত্রণ না করে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান বা বাজার পরিস্থিতির ওপর ছেড়ে দিলে ঐ মুদ্রাকে ভাসমান মুদ্রা বলে।
খ
কোন দলিলে আদেষ্টা ও আদিষ্ট একই ব্যাংকের শাখা- ব্যাখ্যা কর।
উত্তর
পে-অর্ডারের ক্ষেত্রে আদেষ্টা ও আদিষ্ট একই ব্যাংকের শাখা।
পে-অর্ডার হচ্ছে এমন একটি দলিল যেটা একটি ব্যাংককে তৃতীয় কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেয়। সাধারণত পে-অর্ডার যে ব্যাংকের শাখা প্রস্তুত করে ঐ শাখায় এর অর্থ নির্দিষ্ট প্রাপককে পরিশোধ করে থাকে।
গ
জনাব খানের সংগৃহীত নতুন প্রত্যয়পত্র কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর
উদ্দীপকে জনাব খানের নতুন প্রত্যয়পত্রটি হলো ঘূর্ণায়মান প্রত্যয়পত্র।
যে প্রত্যয়পত্র নির্দিষ্ট সময়ের জন্য অর্থের পরিমাণ সর্বোচ্চ নির্দিষ্টপূর্বক খোলা হয় এবং উক্ত সময়ে পৌনঃপুনিকভাবে সমপরিমাণ বা তার কম অর্থের জন্য ব্যবহার করা যায় তাকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলে। প্রতিবার পত্র ইস্যুর ঝামেলা এড়ানোর জন্য গ্রাহক ব্যাংক থেকে এরূপ প্রত্যয়পত্র সংগ্রহ করেন।
উদ্দীপকের জনাব খান চীন থেকে বাচ্চাদের জন্য খেলনা আমদানি করেন। তাই প্রতিনিয়ত তাকে ব্যাংক থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করতে হয়। প্রতিনিয়ত এরূপ পত্র সংগ্রহের ঝামেলা থেকে পরিত্রাণের জন্য তিনি ব্যাংক থেকে নতুন এক ধরনের পত্র সংগ্রহ করেন। অর্থাৎ জনাব খান ব্যাংক থেকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র সংগ্রহ করেছেন। কারণ তিনি যে ধরনের সুবিধা সংবলিত প্রত্যয়পত্র ব্যাংক থেকে সংগ্রহ করেছেন তা ঘূর্ণায়মান প্রত্যয়পত্র ব্যতীত অন্যকোনো প্রত্যয়পত্র থেকে পাওয়া যায় না।
ঘ
'জনাব চৌধুরীর পাওয়া প্রত্যয়পত্র তার ব্যবসায়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ' এ বক্তব্যের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর
উদ্দীপকে জনাব চৌধুরীর সংগৃহীত ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র তার ব্যবসায়ের প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
যে ক্ষেত্রে কোনো প্রত্যয়পত্রের গ্রহীতা এর বিপক্ষে বা এর জামানতের ভিত্তিতে অন্যের অনুকূলে ব্যাংক থেকে কোনো নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলে। এরূপ প্রত্যয়পত্রের সুবিধা হলো ব্যাংকে কোনো নগদ অর্থ প্রদান না করে প্রাপ্ত প্রত্যয়পত্রকে জামানত হিসেবে ব্যবহার করা যায় এবং এর বিপক্ষে নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করা যায়।
উদ্দীপকে জনাব চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী। তাই পোশাক রপ্তানির পাশাপাশি প্রয়োজনীয় কাপড় ও অন্যান্য পণ্য আমদানির প্রয়োজন হয়। এক্ষেত্রে জনাব চৌধুরী তার অনুকূলে বিদেশি আমদানিকারকের প্রেরিত প্রত্যয়পত্র ব্যাংকে বন্ধক রেখে তার বিপক্ষে নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করেন। অর্থাৎ তিনি ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র সংগ্রহ করেন।
একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে জনাব চৌধুরী রপ্তানিকারক ও আমদানিকারক উভয়ই। যে কারণে পোশাক রপ্তানি বাবদ তিনি বিদেশি আমদানিকারক থেকে প্রত্যয়পত্র পায় আবার প্রয়োজনীয় কাপড় ও অন্যান্য পণ্য আমদানির জন্য তাকে ব্যাংক থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করতে হয়। তাই তার পাওয়া প্রত্যয়পত্র বন্ধক রেখে তিনি ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র সংগ্রহ করেন। সুতরাং বলা যায়, জনাব চৌধুরীর সংগৃহীত প্রত্যয়পত্র তার ব্যবসায়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
সম্পূর্ণ প্রশ্ন দেখো