জারিনের কাজটি গিবত-এর অন্তর্ভুক্ত।গিবত অর্থ পরনিন্দা, পরচর্চা। ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলে। জারিন মালিহার অগোচরে তার নামে কুৎসা রটনা করে। এতে মালিহা কষ্ট পায়। এরূপ অসাক্ষাতে দুর্নাম করা, সমালোচনা করা, কুৎসা রটনা করা গিবত। অর্থাৎ কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাই গিবত। ইসলামি শরিয়তে গিবত বা পরনিন্দা করাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন-"আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাক।" (সূরা আল-হুজুরাত : ১২) গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গিবত খুবই অপছন্দনীয় কাজ। সুস্থ বিবেকবান কোনো মানুষই এরূপ কাজ পছন্দ করতে পারে না। আল্লাহ তায়ালাও গিবত করা পছন্দ করেন না।ইসলামি শরিয়তে গিবত সম্পূর্ণরূপে হারাম। কারও গিবত করা যেমন হারাম তেমনি গিবত শোনাও হারাম। গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। তাই আমাদের উচিত গিবত থেকে বিরত থাকা।