হ্যাঁ, আমিও মনে করি আধুনিক যুগে জনাব আরিফের প্রতিষ্ঠানটি অর্থাৎ আইনসভা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা। যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আমরা জানি, আইনসভা বর্তমান বিশ্বের সকল দেশের আইন তৈরির প্রধান উৎসস্থল। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে সেজন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে। এক্ষেত্রে আইনসভার সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে রাষ্ট্রের আইনসভা গঠিত হয়। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। আইনসভা শাসন বিভাগ পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, জনাব আরিফের প্রতিষ্ঠান অর্থাৎ আইনসভা অবশ্যই আইনের প্রধান উৎস।