উদ্দীপকে কাওসার সাহেবের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি। মন্তব্যটি যথার্থ।বাংলাদেশের শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। এদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা থাকায় শাসনকাজ পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ ও সম্মানিত ব্যক্তি। তিনি সকলের উর্ধ্বে অবস্থান করেন। প্রশাসনিক কার্যক্রম তার নামে পরিচালিত হলেও শাসন বিভাগের নির্বাহী ক্ষমতা চর্চা করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীর আদেশ, নিষেধ ও পরামর্শ শুনতে বাধ্য থাকেন।অর্থাৎ বাংলাদেশের শাসন বিভাগে প্রধানমন্ত্রীই মুখ্য।উদ্দীপকটিতে জনাব কাওসার সাহেবের যৌথ পরিবারের চিত্র প্রতিফলিত হয়েছে। এ পরিবারে প্রধান ব্যক্তি তিনি হলেও পরিবারটি পরিচালনা করেন তার বড় ছেলে তাওসিফ সাহেব। তার আদেশেই পরিবারের সদস্যরা প্রতিটি কাজ সমাধান করে। এখানে দেখা যাচ্ছে যে, পরিবারটিতে জনাব কাওসার সাহেবের ভূমিকা বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যায়, যিনি নামমাত্র প্রধান। আবার, তার বড় ছেলে তাওসিফ সাহেবের ভূমিকা প্রধানমন্ত্রীর ন্যায়, যিনি নির্বাহী ক্ষমতা চর্চা করেন। পরিবারের অন্য সদস্যরা যেভাবে জনাব তাওসিফ সাহেবকে অনুসরণ করেন, বাংলাদেশের প্রশাসনে মন্ত্রিপরিষদের সদস্যরাও ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে থাকেন।পরিশেষে বলা যায়, উক্ত পরিবারের মাঝেই বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।