উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি কৃষিক্ষেত্রে একটি লাভজনক চাষ পদ্ধতি। এর স্পক্ষে আমার যুক্তি নিচে উপস্থাপন করা হলো-
একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করাকে সমন্বিত চাষ বলে। সমন্বিত চাষে যখন মাছের সাথে অন্য ফসলের চাষ করা হয় তখন তাকে সমন্বিত মাছ চাষ বলে। হাঁস ও মাছের সমন্বিত চাষে পুকুরের উপর হাঁসের ঘর তৈরি করা হয় বলে আলাদা জায়গার প্রয়োজন হয় না। হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে পড়ে যা মাছ চাষের জন্য উৎকৃষ্ট জৈব সার। এই পদ্ধতিতে পুকুরে বাইরে থেকে কোনো অতিরিক্ত সার দেওয়ার প্রয়োজন হয় না। ফলে অর্থের সাশ্রয় হয়। হাঁসের উচ্ছিষ্ট খাদ্য সরাসরি পকুরে পড়ে যা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। ফলে মাছের জন্য আলাদা কোনো সম্পূরক খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। উপরন্তু হাঁস পুকুর হতে শামুক ঝিনুক খেয়ে খাদ্য চাহিদা পূরণ করে। হাঁস পুকুরের জলজ আগাছা দমন, পোকামাকড় ও ব্যাঙাচি খেয়ে পুকুরের পরিবেশ ভালো রাখে। তাছাড়া হাঁস পুকুরে সাঁতার কাটার মাধ্যমে পানিতে অক্সিজেন সরবরাহ করে। ফলে মাছের বৃদ্ধি ভালো হয়। হাঁস ও মাছের সমন্বিত চাষে এদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা লোকের প্রয়োজন হয় না।সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি (হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি) কৃষিক্ষেত্রে একটি লাভজনক চাষ পদ্ধতি।