উদ্দীপকে পরিবারের উল্লিখিত কাজগুলোই পরিবারের কাজ নয় বরং পরিবারের আরও কিছু মৌলিক কার্যাবলি রয়েছে।পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে থাকে। তন্মাধ্যে বিনোদনমূলক কাজ অন্যতম, যা উদ্দীপকে পরিবারের একটি ছোট অনুষ্ঠান উদ্যাপন, আনন্দ করা ও ঘুরতে যাওয়ার মাঝে প্রতিফলিত হয়েছে। কিন্তু এটিই পরিবারের একমাত্র কাজ নয় বরং এর বাইরেও পরিবারের নানাবিধ কাজ রয়েছে। যেমন- সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। এটি পরিবারের একটি মৌলিক কাজ এবং পরিবারের জন্য একমাত্র স্বীকৃত সংগঠন। আবার, পরিবার নানাবিধ শিক্ষামূলক কাজ করে থাকে। বিদ্যালয়ে যাওয়ার আগেই অনেক শিশু পরিবারে বর্ণমালার সাথে পরিচিতি লাভ করে। তাছাড়া সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, উদারতা প্রভৃতি মানবিক শিক্ষার যাত্রা পরিবারেই শুরু হয়। আবার, পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। এগুলো পরিবারের অর্থনৈতিক কাজ। আবার, বড়দের নির্দেশ মেনে চলা, অধিকার রক্ষা ও মতাদর্শ অনুসরণ, ছোটদের রাজনৈতিকভাবে দীক্ষিত করে তোলে। সর্বোপরি, মনস্তাত্ত্বিক কাজ হিসেবে পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে, যা ব্যক্তিত্ব বিকাশে অত্যাবশ্যক।স্পষ্টত, উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও পরিবারের আরও বহুবিধ কাজ রয়েছে। আর তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কাজগুলোই শুধু পরিবারের কাজ নয়।