উদ্দীপকে উল্লিখিত গ্রামের কৃষকদের উক্তিটি হচ্ছে “মরার উপর খাড়ার ঘা”। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-মরার উপর খাড়ার ঘা একটা বাংলা প্রবাদ। এর অর্থ হচ্ছে- যার অবস্থা আগে থেকেই খারাপ, তার ওপর আরও বড় বিপদ বা দুর্ভোগ এসে পড়া। এটি মূলত একটি রূপক, যেটি মানুষ ব্যবহার করে যখন কোনো ব্যক্তি বা অবস্থার উপর বারবার দুর্ভাগ্য নেমে আসে। উদ্দীপকে নয়াডাঙ্গা গ্রামে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট ভূমিক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। উক্ত গ্রামে বর্ষাকালে ফসলি জমির মাটি ক্ষয় হতে হতে ছোট ছোট নালার সৃষ্টি হয় যা ক্রমান্বয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে গভীর হয়ে যায়। এমনকি দু'একটি প্রশস্ত নালার পানি যখন বেশি পরিমাণ কমতে থাকে তখন এসব নালার মধ্যে পড়ে মাটি ভেঙে যায়। যার কারণে কৃষি জমি কমতে থাকে। এখানেই শেষ নয়, শুষ্ক মৌসুমে কিছু বালু ব্যবসায়ী চরের বিভিন্ন স্থান থেকে বালি ও পলিমাটি কেটে অন্যত্র বিক্রি করে। যা উক্ত এলাকার ভূমিক্ষয়ের ওপর আরও মারাত্মক প্রভাব রাখছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে বিরূপ অবস্থার সৃষ্টি হচ্ছে।অতএব বলা যায় যে, নয়াডাঙ্গা গ্রামের প্রাকৃতিক ভূমিক্ষয়ের পাশাপাশি মানুষের অনৈতিক কর্মকাণ্ড যেন মরার উপর খাড়ার ঘা।