অধ্যাপক ইয়াসির আরাফাত হযরত হাসান বসরি (র.) সম্বন্ধে আলোচনা করেছেন। হাসান বসরি (র.)-এর জ্ঞানের পরিধি ছিল ব্যাপক। ইমাম সাদ বলেন, “হাসান বসরি (র.) ছিলেন বহু পূর্ণতার সমাবেশ, উঁচু স্তরের 'আলিম, সুউচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তি, ভুলভ্রান্তি থেকে মুক্ত ফকিহ, পার্থিব ভোগবিলাসের প্রতি নির্মোহ আবিদ, অগাধ জ্ঞানের অধিকারী, স্পষ্ট ও প্রাঞ্জলভাষী সুদর্শন এক পুরুষ।” মোটকথা, বাহ্যিক ও অভ্যন্তরীণ যোগ্যতা ও উৎকর্ষের পূর্ণরূপ ছিলেন তিনি। ইমাম আয-যাহাবি লিখেছেন, “তিনি ছিলেন হাদিসের হাফিজ, জ্ঞানের সাগর, ফকিহ, বিশাল কর্মকাণ্ডের অধিকারী, অতুলনীয়, চমৎকার উপদেশদানকারী, বাগ্মী-বক্তা এবং বহু রকম কল্যাণকর কাজের নেতা।” আল্লামা নববি লিখেছেন, তিনি ছিলেন একজন বিখ্যাত 'আলিম। তাঁর সুউচ্চ মর্যাদার ব্যাপারে সবাই একমত। ইমাম আয- যাহারি হাদিস গ্রন্থাবদ্ধকারীদের তৃতীয় স্তর (তারকা), যাকে তিনি তাবি'ইনের মধ্যম স্তর বলেছেন, হাসান আল- বসরিকে (র.) তার প্রধান পুরুষ হিসেবে উল্লেখ করেছেন। গালিব আল-কাত্তান বলতেন, তাঁর যুগের আলিমদের ওপর হাসানের এ শ্রেষ্ঠত্ব ছিল পাখিদের মধ্যে চড়ুইপাখির ওপর বাজপাখির শ্রেষ্ঠত্বের মতো। কেউ যদি সে যুগের সবচেয়ে বড় আলিমকে দেখতে চায় সে যেন হাসানকে দেখে। আমর ইবনে মুররা বলতেন, হাসান ও মুহাম্মদ এই দুই শায়খের কারণে আমার বসরাবাসীর প্রতি ঈর্ষা হয়। ইউনুস ইবন উবায়দুল্লাহ ও হুমায়দ আত-তাবিল বলতেন, আমি বহু ফকিহকে দেখেছি, কিন্তু হাসানের চেয়ে পূর্ণ ব্যক্তিত্বের আর কাউকে পাইনি। 'আতা' ইবনে আবি রাবাহ মানুষকে উপদেশ দিতেন, তোমরা তোমাদের মাসআলা-মাসায়িলের ব্যাপারে হাসানের কাছে যাও। তিনি একজন অনেক বড় 'আলিম, ইমাম ও নেতা। ইমাম মালিক (র.) বলতেন, তোমরা হাসানের নিকট মাসআলা-মাসায়িল জিজ্ঞেস করবে। কারণ তিনি জ্ঞান সংরক্ষণ করেছেন, আর আমরা ভুলে গেছি। অনেকে তো এমন কথাও বলতেন, হাসান যদি পূর্ণ বয়সের সময় সাহাবিদের যুগ লাভ করতেন তাহলে সিদ্ধান্তের ব্যাপারে উঁচু স্তরের সাহাবিরা তাঁর মুখাপেক্ষী হতেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে, হাসান বসরি (র.) কুরআন ও হাদিসের নিযাস থেকে ইলমে তাসাউফে অভূতপূর্ব অবদান রাখেন। তিনিই সর্বপ্রথম সুফি সাধনায় কৃচ্ছতা সাধন করেন। এতে স্বতন্ত্র আধ্যাত্মিক সাধনার ধারা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
মোটকথা, হযরত হাসান বসরি (র.)-এর মধ্যে বহু গুণের পূর্ণতার সমাবেশ ছিল। তিনি ছিলেন উঁচু স্তরের আলেম, সুউচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব, ভুলভ্রান্তি থেকে মুক্ত বিজ্ঞ ফকিহ এবং অগাধ জ্ঞানের অধিকারী, স্পষ্ট ও প্রাঞ্জলভাষী এক সুদর্শন পুরুষ।