উদ্দীপকে বর্ণিত রাহেলা বেগমের আচরণ পাঠ্যবইয়ে বর্ণিত সূরা আল-মাউনের শিক্ষার সাথে বৈসাদৃশ্যপূর্ণ।মানুষের জীবনে সূরা আল-মাউন অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ একটি সূরা। এ সূরায় আল্লাহ তায়ালা কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং আমাদেরকে এসমস্ত কাজের ব্যাপারে সতর্ক করেছেন। সেগুলো হলো- কিয়ামত দিবস তথা বিচার দিবসকে অস্বীকার করা যাবে না বরং এটি অবশ্যই ঘটবে তা বিশ্বাস করে তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ইয়াতিম ও দুস্থ যারা আছে তাদের সাথে সুন্দর ও সদয় আচরণ করতে হবে। তাদের অধিকার নষ্ট না করে বরং তা প্রতিষ্ঠিত করতে হবে। তাদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিকটাত্মীয়, দূরাত্মীয় ও প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে হবে। সালাত আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা ও উদাসীনতা করা যাবে না। সময়মতো, সুন্দরভাবে ও একনিষ্ঠভাবে সালাত আদায় করতে হবে। অন্যদের সালাত আদায়ে আহ্বান করতে হবে। লোকদেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। যারা সালাত আদায়ে উদাসীন ও লোকদেখানোর জন্য তা করবে, তাদের ধ্বংস অনিবার্য। প্রতিবেশী যারা আছে তাদের প্রয়োজনীয়, ছোটখাটো বস্তু দিয়ে সাহায্য-সহযোগিতা করতে হবে। এতে বিপদে পড়লে তখন নিজেও সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। উদ্দীপকে সাজুর স্ত্রী রাহেলা বেগম তাদের দরিদ্র প্রতিবেশী রাজুকে গ্লাস-জগ ও কাপ-পিরিচ ধার দিতে অস্বীকার করে। তাই রাহেলা বেগমের উক্ত আচরণটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি, যা মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্যের সাদৃশ্যপূর্ণ।সুতরাং রাহেলা বেগমের উচিত সূরা আল-মাউনে বর্ণিত মুনাফিকদের উক্ত বৈশিষ্ট্যটি পরিহার করা।