উদ্দীপকে উল্লিখিত "আলেমদের ঐকমত্য প্রতিষ্ঠিত কোনো বিষয়ের উপর আমল করার বৈধতা ইসলামে রয়েছে। কথাটি দ্বারা 'ইজমা' এর প্রতি ইঙ্গিত করা হয়েছে।
ইজমা শব্দের অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজিব। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তায়ালা বলেন- "তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব।" (সূরা আলে ইমরান : ১১০) মুসলিম মুজতাহিদগণ একমত হয়ে কোনো বিষয়ে ফয়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ এবং এর ওপর আমল করা ওয়াজিব।অতএব, ইজমার বৈধতা সম্পর্কে উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটি যথার্থ।