যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো।
উত্তর: সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী সাদমান সাকিব ॥ নরসিংদী ॥ ৬ জানুয়ারি ২০২৬ ॥ আমাদের নরসিংদী জেলার রায়পুরা থেকে আরশিনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম দুরবস্থার মধ্যে পড়ে আছে। সড়কের প্রায় পুরো অংশজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত, ভাঙা পিচ ও উঁচুনিচু অংশ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে লোহার রড ও ইট বেরিয়ে পড়েছে, যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়, ফলে গর্ত আর রাস্তার পার্থক্য বোঝা যায় না। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়কটি এলাকার স্কুল, কলেজ, বাজার, মসজিদ ও হাসপাতালের সঙ্গে সংযোগকারী প্রধান পথ হওয়ায় হাজার হাজার 'মানুষ প্রতিদিন এটি ব্যবহার করেন। বিশেষ করে স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল প্রায়ই বিকল হয়ে পড়ছে। অনেক সময় যাত্রীরা হেঁটেই কাদাপানির মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত কষ্টকর ও অস্বাস্থ্যকর। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের এমন অবস্থার কারণে ক্রেতা কমে গেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে, রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। কয়েকজন বাসিন্দা জানান, সড়কের বেহাল দশার কারণে ইতোমধ্যে এই সড়কে দূর্ঘটনায় পতিত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন আর আহতও হয়েছেন অনেকে। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝে সামান্য মেরামত করা হলেও তা সমস্যার স্থায়ী সমাধান নয়। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে টেকসইভারে সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার মানুষ একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলযোগ্য সড়ক ফিরে পাবে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো।
উত্তর