বাংলাদেশের উৎসব
উত্তর: বাংলাদেশের উৎসব ভূমিকা : ঋতুর বর্ণময় আত্মপ্রকাশের রঙ্গমঞ্চে বাঙালির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে অনেক উৎসব আসে। উৎসব জীবনের ছন্দস্পন্দন, প্রতিদিনের তুচ্ছতার যবনিকা, আত্মার দিগন্ত প্রসারণের চলন্তিকা। ভিন্ন ভিন্ন ঋতুর রূপবৈচিত্র্যে বাংলাদেশ যেমন সৌন্দর্যময় তেমনই ভিন্ন ভিন্ন উৎসবে এদেশ আনন্দময়। বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে মেতে ওঠে এ দেশের মানুষ। তাই এ দেশকে বলা যায় উৎসবের দেশ। উৎসবের প্রকারভেদ : 'উৎসব' বলতে মূলত আনন্দময় অনুষ্ঠানকে বোঝায়। বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসবের প্রচলন রয়েছে। উৎসবগুলো বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের এক-একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের উৎসবগুলোকে প্রধানত কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- ১. ধর্মীয়, ২. সামাজিক, ৩. জাতীয় ও ৪. সাংস্কৃতিক উৎসব।নিচে এগুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হলো: ১. ধর্মীয় উৎসব : সাধারণত ধর্মীয় উৎসবগুলো এক-একটি ধর্মীয় বিশ্বাস ও ভাবনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রয়েছে মুসলমানদের ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আজহা, ঈদ-ই-মিলাদুন্নবী, মহররম, হিন্দুদের দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিষ্টানদের বড়দিন প্রভৃতি প্রধান ধর্মীয় উৎসব। ঈদ : মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আসে আনন্দ আর মিলনের বার্তা নিয়ে। মানুষ ভুলে যায় হিংসা-বিদ্বেষ, দুঃখ-বেদনা। বাংলাদেশে বেশ সাড়ম্বরে পালিত হয় ঈদ। ঈদ আসে বছরে দু'বার। প্রথমে আসে ঈদ-উল-ফিতর, পরে ঈদ-উল-আজহা। ঈদ-ই-মিলাদুন্নবী : বিশ্বনবি হজরত মুহম্মদ (স.)-এর জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ১২ রবিউল আউয়াল তারিখটি ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। ঈদ অর্থ খুশি আর মিলাদুন্নবী শব্দের অর্থ হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম। তাই ঈদ-ই-মিলাদুন্নবী শব্দের অর্থ মহানবির জন্মের খুশি। দুর্গাপূজা : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। শরৎকালে এ পূজা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী- এই তিন দিন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দশমীর দিন দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নদীর জলে দেবীর মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা। বুদ্ধ পূর্ণিমা : বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা। গৌতম বুদ্ধের বোধি লাভের পুণ্যস্মৃতি বিজড়িত এই দিনটি। বড়দিন: বাংলাদেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা পালন করে বড়দিন। যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে তারা এ উৎসব পালন করে থাকে। প্রতিবছর ২৫ ডিসেম্বর এ উৎসব উদ্যাপন করা হয়। ২. সামাজিক উৎসব: বাংলাদেশ উৎসবের দেশ। এ দেশে নানা ধরনের সামাজিক উৎসব রয়েছে। এগুলোর মধ্যে বাংলা নববর্ষ, হালখাতা, বিবাহ, ভাইফোঁটা, অন্নপ্রাশন, খৎনা, জন্মদিন, নবান্ন, পৌষপার্বণ প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলা নববর্ষ: বাংলাদেশের একটি প্রধান সামজিক উৎসব হলো বাংলা নববর্ষ। পুরোনো দিনের দুঃখ, ব্যথা, ক্লান্তি, গ্লানি ভুলে নতুনকে বরণ করার উৎসব এই বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এদিক থেকে এ দিনটি প্রতিটি বাঙালির জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৩. জাতীয় উৎসব: একুশে ফেব্রুয়ারি: একুশে ফেব্রুয়ারি বা শহিদ দিবস আমাদের কাছে শোকের প্রতীক। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে গিয়ে শহিদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ অনেকে। তাঁদের স্মৃতিকে স্মরণ করা এবং তাঁদের শ্রদ্ধা জানাতে আমরা এ দিনটিকে পালন করি। 'স্বাধীনতা দিবস: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাঙালিদের ওপর সশস্ত্র হামলা করে অসংখ্য ব্যক্তিকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালিদের নিশ্চিহ্ন করা। ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয়। আমরা সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করি। বিজয় দিবস: দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত ও স্বাধীন হয়। এ কারণে এই দিনটিকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। ৪. সাংস্কৃতিক উৎসব : বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য অনেক দিনের পুরোনো। তবে এর আধুনিকায়নও ঘটেছে। আধুনিককালে এর পরিসরও অনেক বেড়েছে। বইমেলা: সারা বছরে ও পূর্ব প্রকাশিত সৃজনশীল গ্রন্থ নিয়ে বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলা বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বইমেলা হলো ঢাকার বাংলা একাডেমির 'একুশের বইমেলা'। ফেব্রুয়ারি মাসজুড়ে চলে এই মেলা। উৎসবের গুরুত্ব: প্রতিটি মানুষের জীবনে উৎসবের তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যাপক। বাঙালি স্বাধীন জাতি। আমাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। উৎসবের মধ্য দিয়ে এই ঐতিহ্য ও সংস্কৃতির একটি সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। উপসংহার: মানুষের বেদনাবিধুর, কর্মব্যস্ত, একঘেয়ে জীবনে উৎসব আনন্দের সঞ্চার করে। অবসাদ ও গ্লানি দূর করে আমাদের এক নতুন জীবন দান করে। তাই মানুষের জীবনে উৎসবের প্রয়োজন আছে। তবে মনে রাখতে হবে- উৎসব মানেই কেবল উল্লাস নয়, আনন্দ মানেই কেবল যথেচ্ছাচার নয়। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমাদের দেশে অনেকেই উৎসবের নামে করছে যথেচ্ছাচার। এজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের উৎসবের যে মহান মূল্যবোধ আমাদের চলতে সাহায্য করেছে, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে তাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। এ বিষয়ে আমরা সচেতন হলেই গড়ে উঠবে এক জাতি, এক প্রাণ ও একতা।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
বাংলাদেশের উৎসব
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর