প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
উত্তর: ভাব-সম্প্রসারণ : প্রাণীমাত্রই স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে জীবন অতিবাহিত করে। কিন্তু মানুষকে সভ্যতার সঙ্গে সংগ্রাম করে মানবিকতার স্ফুরণ ঘটিয়ে সত্যিকার মানুষ হতে হয়। স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে মানুষের বিশেষত্ব হলো মানুষের মন বলে একটি আলাদা অস্তিত্ব আছে। মন আছে বলেই বিশেষ বিশেষ অনুভূতির বিকাশ ঘটে এবং মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্য সহজেই খুঁজে পাওয়া যায়। প্রাণ আর মন এক নয়। মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টির মধ্যে তা একত্র থাকে না। সেজন্য মানুষ বিশেষ গুণ নিয়ে সৃষ্টির সেরা জীব বলে বিবেচিত। মন আছে বলেই মানুষ মঙ্গলের পথে, কল্যাণের পথে, সত্য ও সুন্দরের পথে, ন্যায়ের পথে চলতে অভ্যস্ত। মানবিক মূল্যবোধের কারণে মানুষ আর্তপীড়িত, ব্যথিতের পাশে দাঁড়ায়। নিরন্নকে অন্নদান করে, মন আছে বলেই মানুষ অন্যকে ভালোবাসে। মনই মানুষকে জ্ঞানী ও সংবেদনশীল করে গড়ে তুলতে পারে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-ভালোবাসা ইত্যাদি অনুভূতি মানুষের মনের মাধ্যমে প্রকাশ পায়। যার মধ্যে এ ধরনের কোনো অনুভূতি থাকে না তাকে স্বাভাবিক মানুষ বলে বিবেচনা করা হয় না; সে তখন অন্য প্রাণীর মতোই হয়ে পড়ে। প্রখ্যাত মনীষী দানিয়েলের ভাষায়- “একটি সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়।” মানুষের এই সৃজনশীল ক্ষমতা ও মননশীলতা অন্যান্য প্রাণীর ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাই বলা যায়- মানুষ হতে চাইলে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে তাকে মানবিকবোধ সম্পন্ন হয়ে। মানুষ জন্মগতভাবে প্রাণী, কিন্তু তাকে মানুষ হতে চাইলে কঠোর সাধনা করতে হয়। মনুষ্যত্বের বিকাশ সাধনই মানবজীবনের চরম লক্ষ্য। মানুষ মনের বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন করলে তবেই যথার্থ মানুষ হয়ে ওঠে। মনুষ্যত্বের বিকাশে মানুষ বিবেকবান হয়ে ওঠে। আর একজন বিবেক সম্পন্ন মানুষই যথার্থ মানুষ।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
উত্তর