মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।
উত্তর: মেজর এজাজের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- '১৯৭১' উপন্যাসের সামগ্রিক দিক বিচারে আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য। '১৯৭১' উপন্যাসটি মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দ্বারা বাঙালি নির্যাতনের প্রামাণ্য দলিল। এ উপন্যাসে পাকিস্তানি হানাদার বাহিনী নীলগঞ্জ নামক দুর্গম নিস্তরঙ্গ গ্রামে হানা দেয়, অসামরিক জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। সেই সাথে বাঙালির প্রত্যয়দীপ্ত প্রতিবাদের আভাসও দেখা যায় এখানে। পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের পহেলা মে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে নীলগঞ্জের পার্শ্ববর্তী মধুবন জঙ্গলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল মুক্তিবাহিনীর অবস্থানের তথ্যের সূত্র ধরে, যাদের হাতে বন্দি পাক মেজর এজাজ আহমেদের ঘনিষ্ঠ বন্ধু মেজর বখতিয়ার। নীলগঞ্জে প্রবেশ করেই মেজর এজাজ এখানকার ক্ষয়িষ্ণু জমিদার নীলু সেনকে নির্মমভাবে হত্যা করে। ধীরে ধীরে নির্যাতনের হাত আরও প্রশস্ত করে সে। আজিজ মাস্টারকে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন ও অপমানজনক শাস্তি দেয়। সফদরউল্লাহর স্ত্রীর ও শ্যালিকাকে ধর্ষণ করে মিলিটারি সুবাদার ও রাজাকাররা মিলে। মনা ও বীরু কৈবর্তকে জনসমক্ষে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে নীলগঞ্জের গ্রামীণ জনগোষ্ঠী প্রতিরোধ গড়ে তোলে। কৈবর্তপাড়া থেকে কৈবর্তরা নিরাপদে সরে গিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে ঐক্যবদ্ধ হয়। সফদরউল্লাহ দা হাতে গভীর রাতে বেরিয়ে পড়ে তার স্ত্রী ও শ্যালিকার শ্লীলতাহানির বিচার করতে। তার টার্গেট মিলিটারি সুবাদার ও রাজাকাররা। মেজর এজাজের নির্মম নির্যাতন ও অপমানজনক শাস্তির মাধ্যমে জাতিগত অপমানের বিরুদ্ধে সোচ্চার হয় দেশপ্রেমিক রফিক। পাকিস্তানি বাহিনীর মেজরের সহকারী হয়েও সে তীব্র প্রতিবাদ করে মৃত্যুবরণ করে। তবে মৃত্যুর আগে মেজর এজাজের বাহিনীসহ মৃত্যুর সুনিশ্চিত ভবিষ্যদ্বাণী করে যায়, যা নীলগঞ্জবাসীর সম্মিলিত প্রতিরোধের ইঙ্গিত দেয়। অতএব, মেজর এজাজের নেতৃত্বে অকথ্য নির্যাতনের বিরুদ্ধে শেষ পর্যন্ত নীলগঞ্জবাসী ঐক্যবদ্ধ প্রতিরোধের ইঙ্গিত দেয়। এ প্রতিরোধ মুক্তিযুদ্ধের সমগ্র বাঙালি জাতির প্রতিবাদ-প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।
উত্তর