'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রটি মুক্তিকামী বাঙালি সেনাদের প্রতিনিধি- কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র রফিক। পাকিস্তানি হানাদার বাহিনীর অধিনায়কের সহযোগী হিসেবে সে নীলগঞ্জ গ্রামে আসে। অত্যন্ত চৌকস প্রকৃতির রহস্যময় লোক সে। মেজর এজাজের সহযোগী হলেও উপন্যাসের প্রথম থেকেই তাকে কোনো খোলামেলা চরিত্র বলে মনে হয় না। রফিক এ উপন্যাসের সম্ভবত সবচেয়ে জটিল চরিত্র। সে ছিল বাঙালি, যা ঔপন্যাসিক উপন্যাসের প্রথমেই জানান দিচ্ছেন। সে পাকিস্তানিদের সাহায্য করলেও তার চরিত্রে বাঙালিদের প্রতি সহানুভূতির প্রকাশ দেখা যায়। হানাদার বাহিনীর নৃশংস রূপ প্রত্যক্ষ করে সে শেষ পর্যন্ত তার বিবেককে জাগ্রত করে প্রবল প্রতিবাদের মধ্য দিয়ে। বিদ্রোহ ও প্রতিবাদ তাকে উপন্যাসের উজ্জ্বল চরিত্রে রূপান্তরিত করেছে। ফলে সে বাঙালি মুক্তিসেনাদের প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছে। '১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামে হানাদার বাহিনীর তাণ্ডবের যেসব ঘটনা ঘটেছে তা আরও প্রবল হতে পারত কিন্তু আসন্না সেই তাণ্ডব থেকে অনেক ক্ষেত্রে রফিক তাদের বাঁচিয়েছে। মেজর এজাজের এই সহযোগী নীলগঞ্জ গ্রামে কখনো না এলেও সে রাস্তাঘাট সবকিছু চেনে। মিলিটারি কৈবর্তপাড়ায় তল্লাশি করতে চাইলে সে তাতে বাধা দেয়। বলাইকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। আজিজ মাস্টারকে লজ্জাজনক শাস্তির হাত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে। মুসল্লিদের বিপদ থেকে বাঁচাতে চুপ রাখে। উপন্যাসের শেষাংশে রফিক চরিত্রের সকল রহস্যের উন্মোচন হয়। সকল জল্পনার অবসান ঘটিয়ে সে মেজর এজাজের কাছে স্বীকার করে যে, মুক্তিবাহিনী নীলগঞ্জ গ্রামের বনে লুকিয়ে ছিল। কৈবর্তপাড়া থেকে আহত মুক্তিসেনাদের সরে যেতে সাহায্য করেছে সে। পাগলা নিজামের জঙ্গলার বনে মুক্তিবাহিনীর কাছে খবর দেওয়ার বিষয়টিও স্বীকার করে। এমনকি বাঙালি সেনারা ঝড়ের সময় পালিয়ে গেছে তাও স্বীকার করে। মোট কথা, রফিকই মিলিটারির সহযোগী হয়ে মূলত বাঙালি সেনাদের সাহায্য করত। মেজর এজাজের ভরসার সুযোগে সে উপন্যাসজুড়ে গোয়েন্দা তৎপরতা চালিয়ে গেছে। তাই তো. মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে মেজরকে ভীতি প্রদর্শন করে এ দেশ থেকে জীবিত ফিরতে পারবে না বলে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, রফিক বাঙালি মুক্তিকামী সেনা চরিত্রের প্রতিনিধি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রটি মুক্তিকামী বাঙালি সেনাদের প্রতিনিধি- কথাটি বিশ্লেষণ করো।
উত্তর